জামালপুর জেলার ‘সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসনকেন্দ্র’ একটি কৃতী প্রতিষ্ঠান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিক গেমসে বাংলাদেশের যে ১৩ জন প্রতিযোগী পদক পেয়েছেন, তাঁদের ৯ জনই এই বিদ্যালয়ে পড়েছেন। কিন্তু সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি নানা রকমের সমস্যায় জর্জরিত।
প্রথমত, দুই শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়ের শিক্ষকসংখ্যা মাত্র ১২; কর্মচারী মাত্র ৬ জন। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া এই ছেলেমেয়েরা আর দশটা সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের মতো সুস্থ নয়। তাদের কেউ বাক্প্রতিবন্ধী, কেউ শ্রবণপ্রতিবন্ধী, অন্যান্য শারীরিক প্রতিবন্ধিতাও তাদের আছে। তাদের পাঠদানের ক্ষেত্রে বিশেষ যত্ন, মনোযোগ, দক্ষতা ও আন্তরিকতা প্রয়োজন। প্রয়োজনের তুলনায় কম শিক্ষক দিয়ে এ দায়িত্ব ভালোভাবে পালন করা কঠিন। তা ছাড়া, বিদ্যালয়টির শ্রেণিকক্ষগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলা হয়নি। তাদের জন্য বিশেষ চেয়ার-টেবিল দরকার; কিন্তু তা নেই। খেলার সরঞ্জামের অভাব আছে।
শ্রেণিকক্ষে পাঠদান ছাড়াও এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলাধুলা করাতে হয়। সে জন্য উপযুক্ত খেলার মাঠ প্রয়োজন। কিন্তু বিদ্যালয়টিতে যে মাঠ আছে, সেটা নিচু জমিতে হওয়ায় বছরের প্রায় ছয় মাস পানি-কাদার জন্য খেলার উপযোগী থাকে না। মাঠটি উঁচু করা প্রয়োজন, যেন সেখানে বৃষ্টির পানি জমে থাকতে না পারে।
বিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাও দেওয়া হয়; যেমন সেলাই করা, মোমবাতি তৈরি করা ইত্যাদি। এ ধরনের বৃত্তিমূলক কাজ ভালোভাবে শেখানো খুব জরুরি। কেননা, এভাবেই এ প্রতিবন্ধী শিশুরা বড় হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে; অন্ততপক্ষে পরিবারে কিছু আর্থিক ভূমিকা রাখতে পারবে। এখানেও পর্যাপ্তসংখ্যক যোগ্য লোকবল দরকার।
প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের পাশাপাশি পুনর্বাসনকেন্দ্রও বটে। সেখানে শারীরিক প্রতিবন্ধীদের ফিজিওথেরাপিসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের ঘাটতি আছে।
এ প্রতিষ্ঠানের এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।