প্রতিযোগিতায় টিকে থাকতে চাই নীতিসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য ক্ষেত্রের মতো ব্যবসায়েও নারীরা এগিয়ে আসছেন। ফলে এখন প্রয়োজন এসব নারী উদ্যোগকে নানাভাবে সহায়তা ও সমর্থন দিয়ে যাওয়া। এ ক্ষেত্রে সরকারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে সম্প্রতি এক নারী ব্যবসায়ী সম্মেলনে উদ্যোক্তারা তাঁদের ব্যবসা সম্প্রসারণের জন্য সেখানে একটি শিল্পপার্ক স্থাপন করে জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন।
বাংলাদেশের মতো একটি দেশ যেখানে ব্যবসা-বাণিজ্য মূলত পুরুষনিয়ন্ত্রিত, সেখানে একজন নারীকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেই জায়গা করে নিতে হয়। এই পরিস্থিতিতে নারী উদ্যোক্তাদের জন্য কিছু নীতি-সমর্থন ও বাড়তি সুযোগ-সুবিধার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। এসএমইর ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় গঠিত তহবিল থেকে এ পর্যন্ত যে ঋণ দেওয়া হয়েছে, তার ৩৯ শতাংশই পেয়েছেন নারী উদ্যোক্তারা। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিলে নারী উদ্যোক্তাদের জন্য যে মাত্রায় সুযোগ-সুবিধা সৃষ্টি করা উচিত, তা পুরোপুরি কার্যকর নেই।
নারী ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী যে তথ্য দিয়েছেন, তাতে নারী উদ্যোক্তাদের প্রতি বাড়তি মনোযোগের কোনো লক্ষণ ফুটে ওঠেনি। ২০০৭ সালে শিল্পপার্কে জায়গা পেতে চট্টগ্রাম উইমেন চেম্বারের পক্ষ থেকে যে ১০টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল, সে ব্যাপারে এই দীর্ঘ সময়েও অগ্রগতি হয়নি।
উন্নত অর্থনীতিতে যেখানে ব্যবসা-বাণিজ্যে নারীদের মালিকানা প্রায় ২৫ শতাংশের বেশি, সেখানে বাংলাদেশে তা ১০ শতাংশেরও নিচে। ফলে এখানকার নারী উদ্যোক্তা বা ব্যবসায়ীদের জন্য বাড়তি কিছু সুযোগ-সুবিধার পরিস্থিতি সৃষ্টি করতে না পারলে সামনে এগোনো যাবে না। নারী ব্যবসায়ী সম্মেলনে শিল্পপার্কে নারী উদ্যোক্তাদের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি ব্যাংকঋণের সুদ ও মূল্য সংযোজন কর কমানের যে দাবি উঠেছে, আমরা তার প্রতি সরকারের মনোযোগ আকর্ষণ করছি।