প্রতিরক্ষা নীতি ও আমাদের অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়ের জন্য বাংলাদেশ সরকার যে চুক্তি করেছে, তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে বলেছেন ‘রুশ অস্ত্র চুক্তির বিরোধিতাকারীরা শক্তিশালী সেনাবাহিনী চায় না।’ তিনি আরও বলেছেন: ‘বিরোধিতাকারীরা কি চান না বাংলাদেশের সেনাবাহিনী শাক্তিশালী হোক? মহান মুক্তিযুদ্ধে যারা সমর্থন করেছে, তাদের কাছ থেকে অস্ত্র কিনলে অপরাধী, আর বিরোধিতাকারী দেশ থেকে কিনলে সাধুবাদ—এটা কেমন কথা? যারা এত দিন সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, সামরিক বাহিনীর ঘাড়ে চড়ে ক্ষমতা ভোগ করেছে—সেই সেনাবাহিনীকে (পড়তে হবে সামরিক বাহিনী) শক্তিশালী করতে সমরাস্ত্র কিনলে তাদের এত বিরোধিতা কেন?’ (ইত্তেফাক, ২৪ জানুয়ারি)প্রধানমন্ত্রী রুশ সরকারের সঙ্গে অস্ত্র চুক্তির বিরোধিতাকে রাজনৈতিকীকরণ করে ফেলেছেন। তিনি খুব সরলভাবে এটাকে দেখেছেন। রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির জন্য সমালোচকেরা কী বলেছেন? ১) এই অস্ত্র চুক্তির আগে সংসদে, মন্ত্রিসভায় বা অন্য কোনো ফোরামে আলোচনা হয়নি। আলোচনা করা উচিত ছিল। ২) ঋণ, ঋণ পরিশোধ, সুদ ইত্যাদির মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। ৩) এই মুহূর্তে এত সামরিক সরঞ্জাম কেনার প্রয়োজন ছিল কি না? ৪) এত বেশি পরিমাণে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় এই সময়ে অগ্রাধিকার হতে পারে না ইত্যাদি। অনেক সমালোচক, যাঁদের মধ্যে সামরিক বিশেষজ্ঞও রয়েছেন, তাঁরা নানা যুক্তি দিয়ে এই অস্ত্র ক্রয়ের সমালোচনা করেছেন। সরকার ও সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে : ‘এই অস্ত্র ও সরঞ্জাম নিয়ে শান্তি রক্ষা বাহিনীর সদস্যরা জাতিসংঘের কাজে যেতে পারবেন এবং কাজ শেষে ফিরিয়েও আনতে পারবেন।’ মনে হয় জাতিসংঘের কাজে যাওয়ার লক্ষ্যেই এই অস্ত্র ও সরঞ্জাম ক্রয় করা হচ্ছে। দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করেছে। চীন থেকে অস্ত্র কেনার জন্যও কেউ সরকারকে সাধুবাদ দেয়নি। সমালোচকেরা এখানে কিছু কৌশলগত দিকের প্রশ্ন তুলেছেন। তবে প্রধানমন্ত্রী যখন নিজেই ইস্যুটা (শক্তিশালী সেনাবাহিনী) তুলেছেন, তখন এ নিয়ে আলোকপাত করা যেতে পারে। বাংলাদেশের রাজনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, স্থল সীমান্ত ও সমুদ্র সীমানা পাহারা দেওয়া, অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ইত্যাদি বিষয়ের পটভূমিতে সামরিক বাহিনীর আকার, সামরিক সরঞ্জামে শক্তিশালী, অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের প্রয়োজনীয়তা, ক্যান্টনমেন্টের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা উচিত। নব্বইয়ের পরে গণতান্ত্রিক আমলের সূচনাতে এসব ইস্যু আলোচনা করে সুদূরপ্রসারী সিদ্ধান্তে আসা উচিত ছিল। সরকার, প্রধান বিরোধী দল, মিডিয়া, নাগরিক সমাজ আমরা কেউ সেই দায়িত্ব পালন করিনি। আজ তার খেসারত দিতে হচ্ছে। বাংলাদেশের মতো গরিব দেশে, যার প্রায় তিন দিক ভারত কর্তৃক বেষ্টিত, সেই দেশে সামরিক বাহিনী কত বড় রাখা হবে, এসব বিষয় আলোচনা হওয়া উচিত ছিল বহু আগেই। মনে রাখা দরকার, শুধু কিছু সৈনিক বা সেনা কর্মকর্তার উন্নত মানের চাকরি বজায় রাখার জন্য সামরিক বাহিনী রাখা হয় না বা সম্প্রসারণ করা হয় না। এটা প্রশাসন ক্যাডার সার্ভিসের কয়েক হাজার কর্মকর্তার চাকরি বা পদ নয়। সামরিক বাহিনীর জন্য একটা আলাদা জগৎ (ক্যান্টনমেন্ট) তৈরি করতে হয়। দরকার হয় নানা মানের সমরাস্ত্র। তা ব্যবহার করা হোক বা না হোক, সব সময় চালু রাখতে হয়। এই আলোচনায় প্রধান এজেন্ডা হওয়া উচিত: বাংলাদেশে সামরিক বাহিনী কত বড় হবে, তাদের প্রধান দায়িত্ব কী হবে, দেশ গঠনে তাদের কী কী দক্ষতা নিয়মিতভাবে কাজে লাগানো যাবে, সামরিক বাহিনীর অস্ত্র বা সামরিক সাজসরঞ্জাম কোন স্তর পর্যন্ত সীমিত রাখা হবে ইত্যাদি। এই আলোচনায় আরও আসা উচিত আমাদের অগ্রাধিকার কী? আমরা পুলিশ বাহিনীকে কীভাবে দেখতে চাই? তাদের প্রধান কাজই বা কী? ‘র‌্যাব’ নামে পুলিশের একটা এলিট ফোর্স থাকা উচিত? পুলিশেরই একটা অংশ ‘র‌্যাব’ হবে না কেন? পুলিশ বাহিনীর কাজ যদি সার্বক্ষণিক হয়, তাদের ওপরই যদি সরকার ও জনগণ নির্ভর করে, তাহলে তাদেরই তো সবচেয়ে বেশি বেতন, ভাতা, সুবিধা ও আধুনিক অস্ত্র দিয়ে রাখা উচিত। জনগণ যেন প্রতি মুহূর্তে তাদের সেবা পায়, সে রকম ব্যবস্থা থাকা উচিত। অগ্রাধিকার তালিকায় পুলিশের অবস্থান কী হবে, তা নিয়েও ব্যাপক আলোচনা ও বিতর্ক হওয়া দরকার। বাংলাদেশের তিন দিকে ভারত সীমান্ত। সীমান্ত অঞ্চলে ভারতের সঙ্গে আমাদের প্রতিনিয়ত নানা সমস্যা। এই সমস্যা যারা প্রতিদিন মোকাবিলা করছে, তাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের নীতি, বাজেট, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা কেমন হওয়া উচিত, তা নিয়েও আলোচনা করা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর সঙ্গে এই গরিব দেশের বাজেট জড়িত। আমরা কোন খাতে বড় অঙ্কের টাকা ব্যয় করব, কোন খাতটা আমাদের অগ্রাধিকার হবে, তা নিয়ে ব্যাপক বিতর্ক ও আলোচনা হওয়া উচিত। পাকিস্তান আমলে ভারত ছিল শত্রু রাষ্ট্র। ১৯৬৫ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের একবার যুদ্ধ হয়েছিল। কাশ্মীর নিয়ে ’৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান-ভারত যুদ্ধাবস্থা বিরাজমান। কাশ্মীরে যুদ্ধ না হলেও প্রায় প্রতি মাসে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ হচ্ছে। বাংলাদেশ-ভারত পরিস্থিতি সে রকম নয়। ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। যদিও ফেলানীর মৃত্যুর মতো কিছু দুঃখজনক ঘটনা যদিও মাঝেমধ্যে সীমান্ত এলাকায় ঘটছে। অনেকের মতে, আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি প্রায় পাকিস্তান আমলের মতো। আমরা এক অজ্ঞাত কারণে আমাদের সামরিক বাহিনীকে সমৃদ্ধ করছি, অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছি, ক্যান্টনমেন্ট বাড়াচ্ছি, সামরিক বাহিনী সম্প্রসারণ করছি। এবং এসব করার জন্য আমরা বাজেটের এক বিরাট অংশ ব্যয় করছি সামরিক বাহিনীর পেছনে। এর যৌক্তিকতা কী? আলোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে একটা সর্বসম্মত প্রতিরক্ষা ‘নীতি’ আমাদের প্রধান রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সামরিক বিশেষজ্ঞ ও মিডিয়া সমর্থন করুক। এই ‘নীতি’ সম্পর্কে এক শ ভাগ একমত হওয়া হয়তো সম্ভব হবে না। কারণ, এই ‘নীতি’র সঙ্গে অনেক ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের নানা স্বার্থ জড়িত। সেই স্বার্থের কথা তারা প্রকাশ্যে বলতে পারবে না। কিন্তু তাদের অনেকের মতামত সেই স্বার্থ দ্বারা পরিচালিত হবে। যেমন: রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করলে সেনাবাহিনী শক্তিশালী হবে বলা হচ্ছে। কথাটা এক অর্থে ঠিক। কিন্তু এর পেছনে নানা ব্যক্তির স্বার্থ থাকাও বিচিত্র কিছু নয়। সরকারি অফিসের একটা গাড়ি ক্রয়েও নানা ব্যক্তির স্বার্থ জড়িত থাকে। এ কথা কি কেউ অস্বীকার করবেন? সেই ব্যক্তিগত স্বার্থ বা দুর্নীতি রোধ করা খুব সহজ কাজ নয়। আর সামরিক সরঞ্জাম ক্রয় হলো মিলিয়ন ডলারের মামলা। আপাতত আমরা আমাদের প্রতিরক্ষা নীতি নিয়ে একটা আলোচনার সূত্রপাত করতে পারি। প্রধানমন্ত্রী ‘শক্তিশালী সেনাবাহিনী’র প্রসঙ্গটা তুলে আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা গ্রহণ করা উচিত। সরকার ও রাজনৈতিক মহলে অনেকে সামরিক বাহিনী নিয়ে প্রকাশ্যে আলোচনা বা বিতর্ক পছন্দ করে না। এটা ঠিক চিন্তা নয়। সামারিক বাহিনী আমাদের সরকারের একটি অংশ। তা নিয়ে আলোচনা অবশ্যই হতে হবে। শুধু ‘গোপনীয় প্রতিরক্ষা কৌশল’ অংশটি ছাড়া। সামরিক বাহিনীর জন্য বেশি অর্থ বরাদ্দের সমালোচনাকে অনেকে খুব নেতিবাচকভাবে দেখেন। এটাও ঠিক নয়। আমরা অনেক সময় বলি, প্রাইমারি শিক্ষার বুনিয়াদকে শক্তিশালী করতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। তার অর্থ আমরা ‘উচ্চ শিক্ষার বিপক্ষে’ এমনটি নিশ্চয় নয়। অনেকে মনে করেন, সাধারণ শিক্ষার পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রতিষ্ঠা করা উচিত নয়। তার চেয়ে টেকনিক্যাল বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। সামরিক, প্রতিরক্ষা, সীমান্ত, পুলিশ, সমুদ্র পাহারা—কোথায় আমাদের অগ্রাধিকার, এটা নির্ণয় করাও সে রকম একটি ব্যাপার। এটা সমর্থন বা বিরোধিতার বিষয় নয়। আমাদের মতো গরিব দেশে কী বিষয় অগ্রাধিকার পাওয়া উচিত, তা নির্ধারণ করা। সমগ্র আলোচনা বা বিতর্কটি এ রকম দৃষ্টিভঙ্গি থেকে করতে পারলে তা যেমন গঠনমূলক হবে, তেমনি দেশের জন্য বড় কাজ হবে। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।