দায়িত্ব পালনরত অবস্থায় মৃত সহকর্মীদের স্মরণে পুলিশ বিভাগ অন্যান্য বছরের মতো এবারও ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে। ঢাকায় পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত পুলিশ সদস্যদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে রেঞ্জ অফিস ও জেলা পর্যায়েও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রয়াত সহকর্মীদের নিয়ে এ ধরনের আয়োজনের গুরুত্ব আছে। এতে প্রয়াত সহকর্মীদের স্বজনেরা অন্তত ভাবতে পারেন যে তিনি যে প্রতিষ্ঠানে বা বিভাগে চাকরি করেছেন, সেই বিভাগ বা প্রতিষ্ঠান তাঁকে ভুলে যায়নি। গত মঙ্গলবার মেমোরিয়াল ডের সমাবেশে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তা মর্মস্পর্শী। ১১ এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার ইসরাত গত বছরের ২১ জানুয়ারি করোনা-পরবর্তী জটিলতায় মারা যান। কিন্তু তাঁর বাবা ইমারত হোসেন এখনো ক্ষতিপূরণ পাননি। তিনি একা নন, গত বছর ৩৪৬ জন পুলিশ সদস্য নানাভাবে মারা গেছেন। তাঁদের মধ্যে ১৩৮ জন মারা গেছেন কর্তব্যরত অবস্থায়। অথচ তাঁদের অনেকের পরিবারকে ক্ষতিপূরণ পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এ বিলম্বের কারণ আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। আগে কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্য মারা গেলে তাঁর পরিবার পাঁচ লাখ টাকা পেত, যা পুলিশ বিভাগ থেকেই দেওয়া হতো। কিন্তু সরকারের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে পুলিশ বিভাগেও ক্ষতিপূরণের অর্থের পরিমাণ আট লাখ টাকায় উন্নীত হয়। এটি তাঁদের জন্য সুখবরও বটে। সমস্যা হলো জেলা প্রশাসকের কাছে দায়িত্ব দেওয়ার পর অর্থছাড়ে বিলম্ব ঘটছে। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদও বলেছেন, জেলা প্রশাসন আরও অনেক কাজে ব্যস্ত থাকে। এ কারণে ক্ষতিপূরণের অর্থছাড়ে বিলম্ব ঘটছে। তিনি আগের মতো পুলিশ বিভাগের মাধ্যমেই হস্তান্তর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
সমস্যাটি কেবল পুলিশ বাহিনীর নয়। সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় কর্মরত অবস্থায় যাঁরা মারা যান, তাঁদের ক্ষতিপূরণ পেতে অযথা বিলম্ব হয়। করোনাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ জরুরি সেবায় নিয়োজিত যেসব সরকারি কর্মকর্তা ও কর্মী মারা গেছেন, তঁাদেরও বেশির ভাগ ক্ষতিপূরণ পাননি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। রাষ্ট্র ও জনগণের সেবা দিতে গিয়ে যেসব কর্মকর্তা ও কর্মী মারা গেছেন, তাঁরা কখনো ফিরে আসবেন না। কিন্তু তঁাদের ক্ষতিপূরণের অর্থ দ্রুত ছাড় করা হলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা এটুকু সান্ত্বনা পাবেন যে রাষ্ট্র তাঁদের অবদানকে অগ্রাহ্য করেনি।
কেবল পুলিশ বিভাগ কেন, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান ও বিভাগেই বছরে একটি দিন মেমোরিয়াল দিবস হিসেবে পালন করা যেতে পারে। সরকারি অফিস কর্তব্যরত অবস্থায় কেউ মারা গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও বেসরকারি সংস্থায় আইনি বাধ্যবাধকতা নেই। এ কারণে অনেক বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মীরা মারা যাওয়ার পর কিছুই পান না। আমরা মনে করি, কর্তব্যরত অবস্থায় মারা গেলে, সেটি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মীদেরই ক্ষতিপূরণ দেওয়া উচিত।
করোনাকালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ অনেক পেশার মানুষই দায়িত্ব পালনকালে মারা গেছেন, তাঁদের সবার ক্ষতিপূরণ অবিলম্বে পরিশোধ করা হোক। যাঁরা জনগণের সেবা করতে গিয়ে জীবন দিলেন, তাঁদের পরিবার এতটুকু সহানুভূতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আশা করতে পারে বৈকি।