প্রতিশ্রুতি রাখবে না সরকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরের শিশুটি লতা থেকে ফুল হয়ে ফুটতে চায় আর সব শিশুরই মতো। কিন্তু প্রীতির জীবনে আশ্রয়ের লতা বারবারই হাতছাড়া হয়ে যায়। বাবা মারা গেছেন। মা সংসার চালাতে ঝিনাইদহের গ্রাম ছেড়ে পোশাক কারখানার কাজে চলে আসেন ঢাকায়। অসহায় প্রীতি এখন যে লতাটিকে আশ্রয় করে দাঁড়াতে চাইছে, তিনি তার বৃদ্ধ নানা। ৭২ বছরের এক বৃদ্ধ আর ১১ বছরের শিশুর সংগ্রামও জীবনেরই সংগ্রাম।

প্রীতির অদম্য ইচ্ছা পড়ালেখার। কিন্তু নিজের দুপায়ে চলবার শক্তি তার নেই। দুই-দুইবার অপারেশনের পরও বাঁকা পা আর সোজা হলো না। এ অবস্থায় বৃদ্ধ নানার সাইকেলের দুটি চাকাই ভরসা। সুস্থ থাকলে শিশুটিকে সিটে বসিয়ে নানা সাইকেল ঠেলেন। আর যখন তা পারেন না, প্রীতির স্কুলে যাওয়া হয় না। অথচ যে শিশুটি নিজের পায়ে চলতে পারে না, পড়ালেখা ছাড়া তার জীবন চালানোর আর কী উপায়?

একটা হুইলচেয়ার হলেই প্রীতিলতা নিজেই স্কুলে যাওয়ার চেষ্টা করতে পারত। রাষ্ট্র দুস্থদের অনেক ভাতা দেয়, প্রতিবন্ধীদের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা আমাদের মতোই মানুষ। তারাও দুঃখে কষ্ট পায়, সুখী হয় আদরযত্ন পেলে। অবস্থাপন্নরা হয়তো পরিবারের প্রতিবন্ধী সদস্যের জন্য কিছু করতে পারেন। কিন্তু প্রীতির মতো দরিদ্র পরিবারে যার জন্ম, তাদের দায় নিয়ে রাষ্ট্র কি প্রতিশ্রুতি রাখবে না? প্রীতিলতাদের মতো শিশুরা য​িদ শৈশব থেকেই রাষ্ট্রকে পাশে পায়, তবে রাষ্ট্র তাদের থেকে পাবে যোগ্য নাগরিক।