মৌলভীবাজারের চা-শ্রমিক ও দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখা থেকে ঝরে পড়া রোধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ফাউন্ডেশন যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
প্রথম আলোর খবর অনুযায়ী, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক ছেলেমেয়ে অভাব-অনটনের কারণে পড়ালেখা বন্ধ করে দিয়েছিল। অনেকে দিনমজুরের কাজেও নেমে পড়েছিল। তখন প্রত্যয় ফাউন্ডেশন এসব ছেলেমেয়ের জন্য ২০১৬ সালে একটি স্কুল গড়ে তোলে, যেখানে তাদের বিনা মূল্যে পড়ানোর ব্যবস্থা করা হয়। মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকায় ‘প্রত্যয় শেখ রাসেল ফ্রি স্কুল’ নামের স্কুলটিতে সপ্তাহে তিন দিন পড়ানো হয়। সংগঠনের ছয়জন সদস্য পাঠদানের কাজটি করেন একেবারে বিনা বেতনে। সংগঠনের ২১ জন নির্বাহী সদস্যের মাসিক ৩০ টাকা করে দেওয়া চাঁদায় স্কুলের কার্যক্রম চলে। শিক্ষার্থীদের বিনা মূল্যে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণও দেওয়া হয়। বিদ্যালয়ের এক কোণে একটি ছোট পাঠাগারও রয়েছে। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক ছোটদের ৩০০ বই রয়েছে। শিক্ষার্থীরা সেখান থেকে নিয়মিত বই নিয়ে পড়ে। সত্যিই কী অনন্য এই উদ্যোগ!
আমাদের দেশের হাজারো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যালয় থেকে ঝরে পড়া। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার প্রায় ২০ শতাংশ। মাধ্যমিকে এই হার ৪০ শতাংশের বেশি। আর উচ্চমাধ্যমিকে ঝরে পড়ার হার গড়ে ২১ শতাংশ। এই জনগোষ্ঠী দক্ষ হিসেবে গড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হয়ে তাদের অর্জিত শিক্ষা অচিরেই ভুলে যায় এবং অদক্ষ জনবলের খাতায় যুক্ত হয়। এটা রাষ্ট্রীয় অর্থের অপচয়ও বটে।
বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, দারিদ্র্য শিক্ষার্থীদের ঝরে পড়ার একটি বড় কারণ। শিক্ষাব্যয় নির্বাহ করতে না পেরে অনেক পরিবার সন্তানের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরিবারের আর্থিক সহায়তার জন্য অনেক অভিভাবকই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেন। যদিও সরকার বিনা মূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। কিন্তু শিক্ষার অন্যান্য উপকরণ থেকে শুরু করে প্রাইভেট কোচিং, গাইড বই—সবকিছু মিলিয়ে শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে। অনেকের পক্ষেই যা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে ঝরে পড়ছে শিক্ষার্থীরা।
এমন প্রেক্ষাপটে শিক্ষা থেকে ঝরে পড়া রোধে প্রত্যয় ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও অনুসরণ করতে পারে। সরকারকেও এ ব্যাপারে আরও বেশি নজর দিতে হবে। শিক্ষাকে বাণিজ্যে পরিণত করা বন্ধ করতে হবে। ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করতে সরকারের যেসব কর্মসূচি চলমান রয়েছে, সেগুলোকে আরও বেগবান করতে হবে।