মাগুরায় সরকার-সমর্থক ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা গত সোমবার প্রথম আলোর কিছু কপি পুড়িয়েছেন—এই খবরে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা জানি, যাঁরা নিজেদের অন্যায়-অপরাধের খবর জনগণকে জানতে দিতে চান না, তাঁরা শুধু সংবাদপত্রই পোড়ান না, সাংবাদিকদের ওপর শারীরিক আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করা থেকে সব রকমের জবরদস্তিই করে থাকেন। সত্য খবর প্রকাশের দায়ে কখনো কখনো সাংবাদিকদের প্রাণও দিতে হয়। দুঃখের বিষয়, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ ও দমন-পীড়ন ক্ষমতাসীেনরাই বেশি চালান; সরকার ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ প্রায়ই এসব ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে।
মাগুরায় প্রথম আলোর কপিতে ছাত্রলীগের একাংশের আগুনসম্প্রতি মাগুরা জাতীয় সংবাদমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে ছাত্রলীগের দৌরাত্ম্যের কারণে। গত মাসের তৃতীয় সপ্তাহে আধিপত্য বিস্তারের চেষ্টায় সংগঠনটির দুই গ্রুপ গোলাগুলিতে লিপ্ত হলে নাজমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর গর্ভের শিশু গুলিবিদ্ধ হয়। এই খবরে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রথম আলো গর্ভের শিশুর গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশের পাশাপাশি উন্মোচন করে মাগুরার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার বিবাদ-সংঘাতের নেপথ্য কারণ। এ নিয়ে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পরেই পত্রিকাটির কপি পোড়ানোর ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রলীগের যে নেতা-কর্মীরা এই কাজটি করেছেন, তাঁদের লক্ষ করা দরকার যে ওই দিন মাগুরায় প্রথম আলোর সব কপি সকালের মধ্যেই বিক্রি হয়ে গেছে, লোকজন ফটোকপি করে প্রতিবেদনটি পড়েছেন।
সংবাদপত্রের কপি পুড়িয়ে, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে, মিথ্যা মামলায় হয়রানি করে, ভয়ভীতি দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে—কোনোভাবেই সংবাদমাধ্যমকে তার দায়িত্ব পালন থেকে বিরত কিংবা নিরুৎসাহিত করা যাবে না। জনগণকে সত্য খবর জানানোর কাজ সংবাদমাধ্যম অবশ্যই চালিয়ে যাবে। প্রথম আলোকে এই অঙ্গীকার থেকে সরানো কোনোভাবেই সম্ভব নয়।