প্রধান বিচারপতির দুই বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহা তাঁর দুই বছর পূর্তিতে মামলার জট নিরসন ও অধস্তন আদালতের ব্যবস্থাপনা উন্নত করার আশাবাদ ব্যক্ত করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি যে তাঁর সংস্কার কর্মসূচি অব্যাহত রেখেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তবে তিনি মামলার জট বৃদ্ধি প্রসঙ্গে প্রচলিত ফৌজদারি ও দেওয়ানি আইন এবং নারী ও শিশু নির্যাতন, দুদক ও ভূমি জরিপসহ কতিপয় আইনের ত্রুটি থাকা এবং আইনের খসড়া তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামর্থ্য নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন, সেসব বিষয়ে সরকার ও সংসদের আশু করণীয় রয়েছে।
জনসংখ্যার অনুপাতে বিচারকের সংখ্যা বৃদ্ধি করার মতো বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কিন্তু ২৭ লাখ মামলার চলতি জট যা ২০২০ সালে ৫০ লাখে উন্নীত হবে বলে আশঙ্কা করা হচ্ছে, তার অপনোদনে সরকার বা সংসদের কোনো পরিকল্পনা আছে বলে আমাদের জানা নেই।
বিচারকদের শৃঙ্খলাবিধির প্রশ্নে প্রধান বিচারপতি অবশেষে একটু যেন ভরসার ইঙ্গিত দিলেন। ১৫ জানুয়ারি সর্বশেষ আপিল বিভাগ এই বিধি তৈরিতে সরকারের এক মাস সময় বাড়ানোর দরখাস্ত মঞ্জুর করেন। এই বিধি তৈরির সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতার সরাসরি সম্পর্ক রয়েছে। সুতরাং, এখানে সরকারের সঙ্গে যে ‘সামান্য দূরত্ব’ রয়েছে, তা দ্রুত দূর হবে বলেই আমরা আশা করব।
গণমাধ্যমের সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতার সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রধান বিচারপতি তাঁর লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আর সে জন্য মিডিয়া ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক অত্যাবশ্যক।’ কিন্তু দুঃখের বিষয়, দেশে তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকর হওয়ার ৭ বছর পেরিয়ে গেলেও দেশের বিচারব্যবস্থা এখনো পর্যন্ত দৃশ্যত এই আইনের বাইরে রয়ে গেছে। ওই আইনে সুপ্রিম কোর্ট একজন তথ্য কর্মকর্তা নিয়োগ করেও পরে তা থেকে সরে এসেছেন।
সুপ্রিম কোর্ট অবশ্য স্থায়ীভাবে একজন জনসংযোগ কর্মকর্তা নিয়োগে সরকারের কাছে প্রস্তাব প্রেরণ করেছেন। এক বছর আগে পাঠানো প্রস্তাবটি দ্রুত কার্যকর হওয়া উচিত। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগরক্ষায় বর্তমানে একজন অতিরিক্ত রেজিস্ট্রারকে (প্রশাসন ও বিচার) মৌখিকভাবে দায়িত্বে রাখা হয়েছে কিন্তু এই ব্যবস্থা দুর্বল। প্রতিবেশী দেশের সুপ্রিম কোর্টে তথ্য অধিকার আইনের আওতায় সার্বক্ষণিক কর্মকর্তা ছাড়াও ট্রান্সপারেন্সি কর্মকর্তা রয়েছেন। আশা করব, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রধান বিচারপতি এ বিষয়ে বড় ধরনের উদ্যোগ নেবেন।