যথাযথ প্রক্রিয়া মেনেই সুরাহা হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে ছুটির কথা জানিয়ে চিঠি পাঠানোর পর থেকে এ নিয়ে নানা মহল থেকে বিভিন্ন কথাবার্তা উঠতে শুরু করে। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্রধান বিচারপতির নিজেকে ‘সম্পূর্ণ সুস্থ’ দাবি করায় এ নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হয়। তিনি দেশ ছাড়ার পরপর সুপ্রিম কোর্টের তরফে দেওয়া বিবৃতির সূত্রে তাঁর বিরুদ্ধে ১১টি অভিযোগের কথা আমরা জানতে পারি। প্রধান বিচারপতির বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা একটি অভাবিত ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে।

দেশের সংবিধান অনুযায়ী কেউই আইনের ঊর্ধ্বে নন, সাংবিধানিক পদের অধিকারী প্রধান বিচারপতিও নন। এ ধরনের পদে থেকে কেউ অভিযুক্ত হলে তা তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নিজস্ব পদ্ধতি ও তদন্ত প্রক্রিয়া রয়েছে। বিচারকদের জন্য সুপ্রিম কোর্টের যে আচরণবিধি রয়েছে, তা প্রধান বিচারপতির ক্ষেত্রেও প্রযোজ্য। প্রধান বিচারপতির বিরুদ্ধে উত্থাপন করা অভিযোগগুলো সম্পর্কে যে ধারণা পাওয়া গেছে তা গুরুতর। ফলে এর যথাযথ সমাধানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কোথা থেকে বা কিসের ভিত্তিতে এই অভিযোগ উঠল তা পরিষ্কার নয়। আবার যে প্রক্রিয়ায় অভিযোগ তোলা হয়েছে তাতে উচ্চ আদালতের প্রতিষ্ঠিত রীতিনীতি ও রেওয়াজের ব্যত্যয় ঘটেছে বলেই প্রতীয়মান হয়।

যে কারও বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি তখনই কার্যকর পরিণতি পায়, যখন যথাযথ প্রক্রিয়া ও নিয়ম মেনে অভিযোগ উত্থাপন করা হয়। আমরা মনে করি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম কোর্টের প্রচলিত বিধি, তদন্ত প্রক্রিয়া ও বিচারকের আচরণবিধি মেনেই বর্তমানে ছুটিতে থাকা প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা অভিযোগের একটি সুরাহা হওয়া উচিত।

প্রধান বিচারপতি বা এ ধরনের সাংবিধানিক পদে থাকা অবস্থায় কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত কোনোভাবেই দুদক করতে পারে না। অথচ আইনমন্ত্রীর মুখে আমরা সে ধরনের কথাই শুনেছি। এ ধরনের পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক পদগুলোর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ও পরিস্থিতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা আশা করব সরকার ও সংশ্লিষ্ট সব মহল এ ধরনের সংবেদনশীল বিষয় মোকাবিলার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও শুভবুদ্ধির পরিচয় দেবে।