প্রধান শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, আমতলীর খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মহিউদ্দিন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের একটি এবং অফিস সহকারীর দুটি শূন্য পদে নিয়োগের জন্য গত ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান। কেননা, তিনি চেয়েছিলেন নিজের পছন্দের প্রার্থীকে ওই দুটি পদে নিয়োগ দিতে। শনিবার তিনি প্রধান শিক্ষক মহিউদ্দিনকে বিদ্যালয়ে ডেকে পাঠান এবং নিজের পছন্দের প্রার্থী নিয়োগের জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হলে যুবলীগ নেতা তাঁর কয়েকজন সহযোগীকে ডেকে আনেন এবং তাঁর নেতৃত্বে ওই সহযোগীরা ওই প্রধান শিক্ষককে মারধর করেন।

যে শিক্ষক সমাজে সবার কাছ থেকে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার কথা, সেই শিক্ষকের গায়ে যঁারা হাত দিয়েছেন, তঁাদের কোনো অধিকার নেই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে থাকা। অবিলম্বে যুবলীগের ওই নেতাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে সরাতে হবে। ব্যবস্থাপনা কমিটি কখনো বলতে পারে না অমুককে শিক্ষক হিসেবে নিতে হবে, অমুককে নেওয়া যাবে না। শিক্ষক নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

এ কারণেই আমরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে রাজনীতিমুক্ত রাখার দাবি জানিয়ে আসছি। দলীয় রাজনীতির অশুভ প্রভাব থেকে শিক্ষাঙ্গনকে রক্ষা করতেই হবে। প্রধান শিক্ষক মহিউদ্দিনকে মারধরের ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা রোববার আমতলী শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন। আমরা তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। কিন্তু শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি তাদের নেওয়া উচিত নয়। যুবলীগ নেতাসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হোক।