প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে বলেছেন, দেশে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এই দুঃসময়ে এটা নিঃসন্দেহে ভালো আশ্বাস। কারণ জরুরি আইন দ্বারা দেশ পরিচালনা কোনো স্বাভাবিক বা বাঞ্ছনীয় ব্যবস্থা নয়; জরুরি আইনে অনেক নাগরিক অধিকার খর্বিত হয়। এখন প্রধানমন্ত্রীর এই অভয়বাণী দেশবাসীকে স্বস্তি দেবে কি না, সেটাই প্রশ্ন।
স্বীকার করতে হবে যে এক মাসের বেশি সময় ধরে দেশজুড়ে যে অবস্থা বিরাজ করছে তা অত্যন্ত গুরুতর। রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা ৬০ পেরিয়েছে। অর্থনৈতিক ক্ষতি ৬৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিদিনের ক্ষতি দুই হাজার কোটি টাকার বেশি। এবং এই অবস্থা অব্যাহত আছে—অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রাজনৈতিক অচলাবস্থা যে ভয়ংকর রূপ ধারণ করেছে, তাতে জনজীবনের শান্তি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। শিক্ষাজীবন বিপর্যস্ত; এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো নির্ধারিত দিনে শুরু হতে পারেনি। সারা দেশের পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। আর পেট্রলবোমার আগুনে গোটা দেশটাই যেন পরিণত হয়েছে এক নরকে: এক মাসে শুধু পেট্রলবোমা, ককটেল আর আগুনেই মারা গেছেন ৩৪ জন। এই গুরুতর পরিস্থিতি যে নির্মম বাস্তবতা—এই উপলব্ধি সরকারের নেতাদের মধ্যে কতটা আছে, তা আমরা জানি না। তাঁদের অনেকেই নানা আশ্বাস দিচ্ছেন। কিন্তু শুধু মুখের কথায় জনমনে স্বস্তি জাগার কোনো কারণ নেই।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে দেশে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কিংবা বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হলে সমস্যার গোড়ায় হাত দিতে হবে: রাজনৈতিক উদ্যোগ নিতে হবে, বিবদমান উভয় রাজনৈতিক পক্ষকে আলোচনায় বসতে হবে। আর সময়ক্ষেপণের সুযোগ নেই।