প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে টাস্কফোর্স হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক যেন মানুষের মরণফাঁদে পরিণত হচ্ছে। এটা রোধ করতে হলে শক্ত হাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। সড়ক দুর্ঘটনা রোধের বিষয়টি আর গতানুগতিকভাবে কোনো একটি মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এ বিষয়ে অব্যাহত তদারকি ও নজরদারি চালু করা দরকার। ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে সাতজনের মৃত্যুর খবর বাসি না হতেই গতকাল গাজীপুরে একটি বেপরোয়া ট্রাক সড়কের পার্শ্ববর্তী দোকানে তুলে দেন চালক। এতে পাঁচজন নিহত ও ১০ জন আহত হন। সড়ক দুর্ঘটনায় বছরে প্রকৃতই কতজন প্রাণ হারান, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্যও আমাদের কাছে নেই। কতজন পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝা হন, সে খবরও আমরা রাখি না। আর ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদানে রাষ্ট্র উদাসীন।
সড়ক দুর্ঘটনা অর্ধেকে হ্রাসে জাতিসংঘে অঙ্গীকার করেছে বাংলাদেশ। সরকার বহু আশ্বাস জনগণের কাছে দিয়েছে, কিন্তু কোথাও কোনো অগ্রগতি নেই। সড়কমন্ত্রীর নেতৃত্বাধীন সড়ক নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিল অকার্যকর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের নেতৃত্বে নয় সদস্যের কমিটিতে বুয়েটের শিক্ষক, সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও মালিক-শ্রমিকনেতারা ছিলেন। ২০১২ সালের মাঝামাঝি কমিটির সদস্যরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে প্রায় ৭৮টি সুপারিশ করেন। এর মধ্যে ৫২টিই স্বল্পমেয়াদি। কিন্তু এর বেশির ভাগই এখনো বাস্তবায়ন হয়নি। সুরঞ্জিত সেনগুপ্ত সড়ক দুর্ঘটনা রোধে আইনের প্রয়োগ চেয়েছেন। কিন্তু এর প্রয়োগ কেন হচ্ছে না, সে জন্য সংসদীয় কমিটির উচিত হবে উপদেষ্টা কাউন্সিলের কাছে কৈফিয়ত তলব করা। প্রয়োজনে একে ভেঙে দিয়ে নতুন কোনো কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আসলে সড়ক পরিবহন প্রশাসন পুরোপুরি নখদন্তহীন হয়ে পড়েছে। তারা বঙ্গবন্ধু সেতুর দুর্ঘটনার মতো বড় ঘটনায় যথেষ্ট বিচলিত ও সহানুভূতিশীল হতে পারে, কিন্তু তারা হঠাৎ জেগে উঠে দুর্ঘটনা প্রতিরোধে বড় ধরনের কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে, এমন আশা করা যাচ্ছে না।