প্রধানমন্ত্রীর নতুন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন মন্ত্রিসভায় বিএনপিকে অন্তর্ভুক্ত করার নতুন প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা হলেও তাঁর অবস্থান থেকে সরে এলেন বলে প্রতীয়মান হতে পারে। তিনি এত দিন বলে আসছিলেন যে বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই আগামী নির্বাচন হবে। নির্বাচনকালে বিরোধী দলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কোনো রেওয়াজ চালু নেই। বিরোধী দল যারা এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প প্রস্তাব না দিয়ে শুধু রাজপথে আন্দোলন করে আসছে, তারা বোধগম্য কারণেই প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে দিয়েছে।এই মুহূর্তে যেটা দরকার, সেটা হলো, বিরোধী দলের সঙ্গে সমঝোতা গড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করা। দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল একটা সমঝোতায় পৌঁছার জন্য সংলাপ শুরু করার সামর্থ্য রাখে কি না তা নিয়ে জনমনে যে সংশয় রয়েছে তা কাটাতে হবে। বিরোধী দল অনানুষ্ঠানিকভাবে আলোচনার যে প্রস্তাব দিয়ে রেখেছে, তার প্রতি সরকারি দলের কোনো সাড়া এখনো পর্যন্ত চোখে পড়ে না। অবস্থাটি এমনও নয় যে নির্বাচনকালীন সরকারের কাঠামো কী হবে—সেটা শতভাগ শুধু একপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করছে।ড্যাবের সমাবেশে বেগম খালেদা জিয়া আবারও বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন করতে দেওয়া হবে না। কিন্তু বিএনপি এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপরেখা জাতির সামনে প্রকাশ করেনি। বিলুপ্ত ত্রয়োদশ সংশোধনী অবিকল পুনরুজ্জীবিত করা হলেও সংকট মিটছে না। সুতরাং, কেবল হুমকি-ধমকির ভাষায় কথা না বলে বিরোধী দলের উচিত হবে জনগণের সামনে লিখিতভাবে তাদের ভাবনার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উপস্থাপন করা।প্রধানমন্ত্রীর প্রস্তাব ও বিরোধী দলের নাকচের মধ্যে কোনো রাজনৈতিক অগ্রগতি নেই। বিবিসিকে শেখ হাসিনা বলেছেন, ‘সবাই মিলে একটি ছোট মন্ত্রিসভা করে আমরা নির্বাচন করতে পারি।’ ভবিষতে আওয়ামী লীগের নেতা কে হবেন—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, চাপানো নয়, দল সিদ্ধান্ত নেবে। প্রশ্ন উঠতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপিকে আসন দেওয়াসংক্রান্ত নতুন প্রস্তাবটি কি গণতান্ত্রিকভাবে নেওয়া হয়েছে? তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের সিদ্ধান্ত প্রকৃতপক্ষে দলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।আমরা মনে করি, সরকার ও বিরোধী দলকে যথাক্রমে অন্তর্বর্তীকালীন ও তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণাঙ্গ কাঠামো লিখিতভাবে জনগণের কাছে প্রকাশ করা উচিত।ছোট মন্ত্রিসভার প্রস্তাব কমনওয়েলথের বিশেষ দূত অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল স্যার স্টিফেন নিনিয়ানের দেওয়া ৫+৫+১ ফর্মুলার কথাই স্মরণ করিয়ে দেয়। আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে রেখে নির্বাচনে যেতে রাজি হয়নি বলেই সেদিনের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। অন্যদিকে, জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠানের বৈধতা নিয়ে যে সাংবিধানিক প্রশ্ন মহাজোটের শরিক রাশেদ খান মেনন তুলেছেন, তা নিষ্পত্তিযোগ্য এবং সে জন্য সংবিধান সংশোধনের বিকল্প নেই। সুতরাং, সার্বিক বিচারে এসব বিষয় নিয়ে আলাপ-আলোচনার জন্য কৌশলগত রাজনীতির পাশাপাশি অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি যে সমস্যা সমাধানের পূর্বশর্ত, সেটা মনে রাখতে হবে।