প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করলেও তার সুফল যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি, সেটি খোদ প্রধানমন্ত্রী জানলেন সোমবার ভিডিও কনফারেন্সে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে। পাটগ্রামে ৫০ শয্যার হাসপাতাল থাকলেও সেখানে প্রসূতির নিরাপদ ডেলিভারি বা অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। ফলে ১৫০ কিলোমিটার দূরে জেলা সদরের হাসপাতালে আসতে হয় রোগীকে। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে পাটগ্রামের সমস্যা সমাধান হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের ব্যবস্থা নেই।
সেই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আরও একটি নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের। তিনি বলেছেন, ‘কে অপরাধী সেটি দেখতে হবে। অপরাধী কোন দলের দেখার দরকার নেই।’ কিছুসংখ্যক লোক সব সময় ক্ষমতাসীন দলের সঙ্গে থাকে বলেও তিনি মন্তব্য করেন।
অপরাধী কোন দলের দেখার দরকার নেইদল ক্ষমতায় থাকার ছয় বছরের মাথায় প্রধানমন্ত্রীকে কেন এই নির্দেশ দিতে হলো? তাহলে কি এত দিন জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনাররা অপরাধী ধরার ক্ষেত্রে দলীয় পক্ষপাত করে আসছিলেন? এর আগেও প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের নির্দেশ গেলেও পরিস্থিতির ইতরবিশেষ উন্নতি হয়নি। এবার হবে, তারই বা নিশ্চয়তা কী?
সমস্যাটি আসলে নির্দেশ দেওয়া না দেওয়ার নয়। বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা যেভাবে প্রশাসনের ওপর অন্যায় হস্তক্ষেপ করে চলেছেন, প্রধানমন্ত্রীর উচিত সেটি বন্ধের উদ্যোগ নেওয়া এবং তা নিশ্চিত হলেই আইন নিজস্ব গতিতে চলবে। তখন অপরাধীদের ধরতে আলাদা নির্দেশ দেওয়ারও প্রয়োজন হবে না।
আশা করব প্রধানমন্ত্রী তাদেরই নির্দেশ দেবেন, যারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানাভাবে প্রভাবিত ও সঠিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। এদের খামোশ করতে পারলে আইন নিজের গতিতে চলবে। দেশবাসী আইনের শাসনই দেখতে চায়, নির্দেশের শাসন নয়।