প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যিনি যত বড় শক্তিশালী ও যত বড় ক্ষমতাধর, তিনি সমাজ ও রাষ্ট্রের তত বড় ক্ষতি করার সামর্থ্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যুবলীগ নেতাদের সঙ্গে রোববারের বৈঠকে ‘যত বড় শক্তিধর ও ক্ষমতাধর হোন না কেন, রেহাই নেই’ বলে কার্যত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন। দুদক এত দিন কার্যত রুই–কাতলাদের প্রতি চোখ বন্ধ নীতি নিয়ে চলছিল। তারা তত্ত্ব আওড়ে চলছিল যে চুনোপুঁটিরাই আমজনতার জন্য বেশি ক্ষতিকর। তাই তারা চুনোপুঁটি ধরতেই মনপ্রাণ ঢেলে দিয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা অতি অল্প সময়ের ব্যবধানে করিতকর্মা হয়েছে। ৪০ জনের বেশি ক্ষমতাসীন দলীয় বা তাদের দলঘেঁষা রুই-কাতলাকে তারা তাদের রাডারে আনতে পেরেছে।

তবে ক্যাসিনো বা মাদক দমন অভিযান আর দুর্নীতি দমন আলাদা বিষয়। এটা মনে করার কারণ নেই যে শুধু ক্যাসিনো চালিয়েই রুই–কাতলারা অবৈধ অর্থসম্পদের পাহাড় গড়েছেন। এ রকম বহু ক্ষেত্রে ঘটেছে, তাই আইনকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। ‘দলের হোক আর বাইরের হোক, দুর্নীতি করে কেউ রেহাই পাবে না।’ বাস্তবে আসলে ‘দলের লোকেরা’ রেহাই পেয়েই চলছিলেন, তার সাক্ষ্য-প্রমাণ তো প্রশাসনই হাজির করছে।

চলমান শুদ্ধি অভিযানের আমরা নিশ্চয় সাফল্য কামনা করি। কারণ, আমরা দেখতে চাই আমাদের সমাজ, রাষ্ট্র ও সরকার বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করেই পথ চলছে। বহির্বিশ্বে বাংলাদেশি নাগরিকেরা অধিকতর মর্যাদার আসনে উন্নীত হচ্ছেন। সাম্প্রতিক বিশ্বে বাংলাদেশের দুটি বিপরীতমুখী ভাবমূর্তি গড়ে উঠছে। প্রথমত ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের প্রসার এবং অর্থনৈতিকভাব সমৃদ্ধতর হওয়া। দ্বিতীয়ত গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা, মানবাধিকার, বিশেষ করে সুশাসনে ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানো। আর উন্নয়ন গবেষকেরা এই প্রশ্নের মীমাংসা করেছেন যে ন্যূনতম সুশাসন ও আইনের শাসন ক্রিয়াশীল না থাকলে অনেক বড় উন্নয়নও ফলপ্রসূ হয় না, বরং তা সব সময় মুখ থুবড়ে পড়ার ঝুঁকিতে থাকে।

গণতন্ত্রের ঘাটতিতে থাকা বাংলাদেশের সামনে তার অর্জিত উন্নয়নকে টেকসই করার চ্যালেঞ্জই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আরও অনেক বিলম্ব হওয়ার আগেই দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতিকে সাধারণভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে। কোনো সন্দেহ নেই, এটা করার পথে সব থেকে বড় বাধা সরকারদলীয় ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত অংশটি। তারা সংখ্যায় অল্প। কিন্তু তারাই নিয়ামক অশুভ শক্তি। আর এ কথা তো সবারই জানা যে আর্থিক দুর্নীতির সিংহভাগটাই ঘটে থাকে সরকারি বা রাষ্ট্রায়ত্ত খাতে। তাই দলীয় লোকদের সঙ্গে রুই–কাতলাগোত্রীয় (উচ্চপদস্থ) কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

২০০৮ সালে সাধারণ নির্বাচন–পরবর্তী গত এক দশকে এই প্রথম আমরা সত্যিই কিছুটা নতুন অবস্থার মুখোমুখি হয়েছি। কারণ, সত্যি বলতে কী, অনেকেই বেশ হতাশ হয়ে পড়েছিলেন। এক দশকে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হলো, দুর্নীতি ও আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কিন্তু এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকেই আইনানুগ কঠিন পরিণতি ভোগ করতে দেখা গেল না।

সম্প্রতি দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যে অভিযান চলছে, তাতে যঁারা আটক হয়েছেন, তঁারা সরকারি দল–সংশ্লিষ্ট ও প্রভাবশালী। এর মধ্যে প্রধানমন্ত্রীর মুখে কয়েক দফা এটা শোনা গেল যে দলের লোকজন হলেও দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় নেই। এ বক্তব্যের সঙ্গে সংগতি রেখে যদি প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকে, তবে জনমনে স্বস্তি ও আস্থা ফিরবে। পাশাপাশি বেপরোয়া হয়ে ওঠা দলীয় লোকজনের প্রতি একটি বার্তাও যাবে। আমরা দুর্নীতি ও অপরাধবিরোধী অভিযানের সাফল্য দেখতে চাই।