আইন চলার কথা নিজস্ব গতিতে, কিন্তু চলছে না। সে কারণে ভবনধসে বা আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যুর দায় কাউকে নিতে হয় না, কারও শাস্তি হয় না। আইন নিজের মতো চললে সাভারের এই ভয়াবহ ঘটনার পর ভবনমালিক বা সেখানকার পোশাকশিল্পের মালিকেরা সঙ্গে সঙ্গেই ধরা পড়তেন। কিন্তু আমাদের দেশে এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন পড়ে।সাভারের দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ভবনমালিক ও পোশাকশিল্পের মালিকদের দায়ের বিষয়টি স্পষ্ট। এর পরও তাঁদের ধরতে পুলিশ ও প্রশাসনের কেন গড়িমসি? ঘটনার দিন ভবনমালিক যুবলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল ঢাকা জেলার সহকারী পুলিশ সুপারকে। তাঁর জবাব ছিল, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। সোহেল রানাকে গ্রেপ্তারের জন্য সিদ্ধান্তের প্রয়োজন পড়বে কেন? তিনি যুবলীগের নেতা বলে? আর বিজিএমইএর কল্যাণে তো পোশাকশিল্পের মালিকেরা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে। গত বুধবার সকালে ভবনধসের ঘটনার পর গত শুক্রবার সন্ধ্যায় আমরা জানতে পারলাম, প্রধানমন্ত্রী সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তাঁর এই নির্দেশকে অনেকেই দায়িত্বশীলতার পরিচয় হিসেবে চিহ্নিত করতে পারেন, কিন্তু এটা আসলে প্রশাসনের দুর্বলতাকেই তুলে ধরে। প্রমাণ করে যে সরকারযন্ত্র বলতে যা বোঝায়, তা ঠিকভাবে কাজ করছে না, সবকিছুর জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকতে হয়।এই এককেন্দ্রিক পরিস্থিতি সরকার পরিচালনার জন্য যেমন, তেমনি দেশের জন্যও মঙ্গলকর নয়। সাভারের ভয়াবহ ঘটনা দেশের মানুষকে একইভাবে শোকার্ত ও ক্ষুব্ধও করেছে। এ ধরনের ঘটনা পোশাকশিল্পের শ্রমিকদেরও বিক্ষুব্ধ করে তুলেছে। এর প্রতিক্রিয়া দেশের পোশাকশিল্প খাতে দেখা যাচ্ছে, ঘটছে নির্বিচারে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী শ্রমিকদের এই অসন্তোষের সুযোগও নিতে পারে, কিন্তু ঘটনার পরপর যদি ভবনমালিক ও পোশাকশিল্পের মালিকদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হতো, তবে পরিস্থিতি এত খারাপের দিকে যেত না। এখন সংঘাত ও সহিংসতার আশঙ্কায় সব তৈরি পোশাকশিল্পে দুই দিনের ছুটি পর্যন্ত ঘোষণা করতে হয়েছে।সর্বোপরি সাভারের ঘটনার ভয়াবহতা ও এর সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়টি সরকারের বিবেচনায় ছিল বলে মনে হয়নি। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় শুক্রবার বিজিএমইএর নেতাদের দৌড়ঝাঁপ যেমন লক্ষণীয় হয়ে ওঠে, তেমনি সরকারের দিক থেকেও নড়াচড়া শুরু হয়। প্রধানমন্ত্রীর ঘোষণার পর রাতেই আটক হন রানা প্লাজার দুই পোশাকশিল্পের মালিক। আমরা ভবনমালিক সোহেল রানাসহ দায়ী সব পোশাকশিল্পের মালিককে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই। একই সঙ্গে শ্রমিক হত্যার জন্য দায়ী পোশাকশিল্পের মালিকদের বাঁচানোর যে চেষ্টা অতীতে বিজিএমইএ করে এসেছে, তা থেকে তারা সরে আসবে আশা করছি। দেশের তৈরি পোশাকশিল্প খাতকে বাঁচানোর স্বার্থেই এটা করতে হবে। আর শ্রমিকদের কাছে অনুরোধ, ভাঙচুর ও সহিংসতার পথ পরিহার করুন।