ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকিতে জনমনে যে উদ্বেগ জন্ম নিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাল্টা হুমকি তাকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিল বলেই প্রতীয়মান হয়। ২৬ জুলাই সংবাদ সম্মেলনে তিনি ‘মাঠের খেলা মাঠেই হবে’ বলে কার্যত বুঝিয়ে দিলেন যে, বিএনপির আন্দোলন মোকাবিলায় সম্ভাব্য সব পদ্ধতিই ব্যবহার করা হবে।
অন্যদিকে, বিএনপি পাল্টা সংবাদ ব্রিফিংয়ে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন না দিলে ‘তুমুল যুদ্ধের পদধ্বনি শোনা যাবে’। অর্থাৎ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে রাজপথের পাল্টাপাল্টি অবস্থানে থাকতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ‘অহিংস আন্দোলনের’ যে কথা বলেছিলেন, সাম্প্রতিক এ বক্তব্যে তা সম্ভবত চাপাই পড়ে গেল।
৫ জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন রয়েছে। একতরফা নির্বাচনে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটদানে বিরত ছিলেন, তদুপরি অর্ধেকের বেশি আসনে ভোটই হয়নি। এ অবস্থায় সব দলের অংশগ্রহণসমৃদ্ধ নির্বাচনের বিকল্প নেই। এ জন্য সব পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতার প্রয়োজন এখন সবচেয়ে বেশি। কিন্তু সমঝোতার জন্য দুই পক্ষকেই রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিতে হবে। বিগত নির্বাচনপূর্ব অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগ অটল থাকলে সমঝোতা বা সব দলের অংশগ্রহণে নির্বাচন—কোনোটাই সম্ভব নয়। মানুষ চায় না যে আবার হরতাল, জ্বালাও-পোড়াও, প্রাণ ও সম্পদহানির পথে দেশকে ঠেলে দেওয়া হোক।
শুধু নির্বাচন নয়, গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি, মানবাধিকার, উন্নয়নসহ দেশের মৌলিক সমস্যাগুলোর বিষয়ে মোটা দাগে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দেশের মূল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে বিশদ পরিসরে সংলাপ হওয়া প্রয়োজন। এভাবে একটি সার্বিক সমঝোতার পটভূমিতে বিদ্যমান রাজনৈতিক বিরোধের অবসান হলে আগামী দিনে মোটামুটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। রাজনৈতিক বিরোধ মীমাংসার পরীক্ষিত উপায় হলো আলাপ-আলোচনা। রাজপথে সংঘাত সমাধান নয়।