প্রধানমন্ত্রীর বক্তব্যে আছে আশা-নিরাশা দুটোই
বিবিসি ওয়ার্ল্ড নিউজের কাছে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান রাজনীতি, আগামী নির্বাচন, বিরোধী দলের হরতাল, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। তাঁর সাক্ষাৎকার বিশ্লেষণ করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। অনিশ্চয়তার সময়ে মানুষ যেমন ভরসা চায়, তেমনি চায় সঠিক দিকনির্দেশনা। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি যে রকম সংঘাতের মধ্যে প্রবেশ করেছে—একদিকে যুদ্ধাপরাধীদের বিচারকেন্দ্রিক আন্দোলন, অন্যদিকে হেফাজতে ইসলামের ধর্ম অবমাননার বিরুদ্ধে ১৩ দফা দাবি নিয়ে রাজনীতি চরম উত্তেজনাকর অবস্থা পার করছে। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর কঠোরতা জনজীবনকে অশান্ত করে তুলেছে। খেয়াল করার বিষয়, সব পক্ষই সরকারের কাছে যার যার দাবি তুলছে এবং নিজ নিজ অবস্থানে অনড় ভূমিকা পালন করছে। এ রকম একটি সময়ে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জাতি জানতে চাইবে, এটাই স্বাভাবিক। গত সোমবার বিবিসিকে দেওয়া তাঁর সাক্ষাৎকার সবার কাছে সেই সুযোগটাই উপস্থিত করেছে। প্রধানমন্ত্রী সেই সাক্ষাৎকারে চলমান রাজনীতির প্রায় প্রতিটি বিষয়েই বেশ কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকে সরকারের বক্তব্য ও অবস্থান বলে ধরে নেওয়া যায়। সে পরিপ্রেক্ষিতে বলা যায়, তিনি একই সঙ্গে আশাবাদী ও হতাশ দুটোই করেছেন। তবে আশার দিকটাই বেশি বলে আমি মনে করি।তাঁর বক্তব্যের বেশ কিছু দিক আছে, যা ইতিবাচক। হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী সরকার ব্লাসফেমি আইন করবে কি না, এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, ধর্মের অবমাননার বিচারের বিষয়টি প্রচলিত আইনেই করা হবে; এর জন্য নতুন আইন করার প্রয়োজন নেই। তিনি সমাজের একটি অংশের মানুষের আন্দোলনকে নাকচ না করে, সেটাকে সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখায় আন্দোলনকারীদের আস্থা বাড়তে পারে, আবার আন্দোলনের ক্ষোভের দিকটাও কিছুটা প্রশমিত হতে পারে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে যেসব দাবি উত্থাপিত হয়েছে, সেগুলোর মধ্যে জনকল্যাণকর দিক থাকলে সরকার সেগুলোকে আমলে নেবে বলার মাধ্যমে তিনি একটা মধ্যপন্থা গ্রহণ করেছেন বলে মনে হচ্ছে। কেননা, ধর্ম অবমাননার বিষয়ে নতুন আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের বিভিন্ন অংশের মানুষকে যথেষ্ট আশঙ্কিত করেছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই আশঙ্কাও প্রশমিত হবে বলে আশা করা যায়। জরুরি অবস্থা জারি করা হবে না, এমন আশ্বাস আরেকটা ভালো দিক, যা সেই সাক্ষাৎকারের মধ্যে প্রতিফলিত হয়েছে। জরুরি অবস্থা জারি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না। এমনকি রাজনীতিতে নতুন অনিশ্চয়তাও তৈরি হতে পারে। সরকার যখন জানিয়ে দিল যে প্রচলিত আইনেই গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হবে, তখন এটাকে সরকারের রাজনৈতিক বিচক্ষণতা হিসেবে দেখা যায়। এটা জনমনে উদ্বেগ নিরসনে ভূমিকা রাখবে। পাশাপাশি দেশ শাসনে সরকারকে আরও প্রজ্ঞা ও সহনশীল মানসিকতা দেখাতে হবে। নইলে এই আশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটানো যাবে না।কিন্তু যে বিষয়টিতে অনেকেই হতাশ হবেন, সেটা হলো প্রধানমন্ত্রীর বক্তব্যে আগামী সংসদ নির্বাচনের বিষয়ে কোনো আশাবাদী পদক্ষেপের ইঙ্গিত না আসা। আমরা সবাই জানি, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। বিরোধী দলও কোনোভাবেই সেটা মেনে নেবে না। অথচ প্রধানমন্ত্রী বিরোধী দলের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। বিরোধী দলও এই সরকারের অধীনে নির্বাচন করবে না বলে জানিয়ে দিয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী সমঝোতামূলক অবস্থান থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলতে পারতেন। কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাতিল করলেও নতুন কোনো ফর্মুলা দিতে পারেননি। এটা দুঃখজনক। দেশে বিরাজমান অশান্তি ও হানাহানির পেছনে বিরোধী দলের আন্দোলন এবং সরকারের অনড় অবস্থান প্রধান কারণ। সুতরাং নির্বাচন বিষয়ে আস্থা জাগানোর মতো কিছু না করলে অশান্তি দূর হবে না। এ ব্যাপারে আরও অনেকের মতো আমিও হতাশ হয়েছি। আমরা এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট ও ইতিবাচক পদক্ষেপ দেখতে চাই।প্রধানমন্ত্রী বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য বর্তমান নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী। রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির মাধ্যমে এ কমিশন করেছেন বলেও তিনি উল্লেখ করেছেন। প্রথমেই প্রশ্ন আসবে নির্বাচন কমিশনের কাজকর্মে তাদের স্বতন্ত্র ও স্বাধীন ভূমিকার প্রতিফলন ঘটছে কি না? দ্বিতীয়ত নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক তারা তো এককভাবে নির্বাচন করতে পারবে না। নির্বাচন করতে হলে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা প্রয়োজন। কিন্তু দুই ক্ষেত্রেই ব্যাপক দলীয়করণ হয়েছে। সে কারণেই অনেকে মনে করেন, দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]