প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা দিবস উপলক্ষে গত বুধবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার সঙ্গে আমরা পুরোপুরি সহমত পোষণ করি। কেননা, যুদ্ধাপরাধের বিচার কেবল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার নয়, সমগ্র জাতির দাবি। সে ক্ষেত্রে এই বিচার-প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করছে, তাদের সমালোচনা কিংবা তাদের সম্পর্কে প্রধানমন্ত্রী জনগণকে সজাগ করে দিতে পারেন। সেটি হয়তো তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেও পড়ে। কিন্তু যুদ্ধাপরাধের বিচার কিংবা অন্য কোনো বিষয়েই সরকারপ্রধানের পদে থেকে তাঁর এমন কিছু বলা সমীচীন নয়, যা ব্যক্তিগত আক্রমণ কিংবা কুৎসার পর্যায়ে পড়ে। কারও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করা আর তাঁর প্রতি ব্যক্তিগত আক্রমণ করা নিশ্চয়ই এক কথা নয়।আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে এমন কিছু কথা বলেছেন, যা রুচি ও শালীনতাবর্জিত। বিরোধী দলের নেতাকে তিনি পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার পরামর্শ দিতে পারেন না। নাগরিক হিসেবে তাঁর যেমন, তেমনি বিরোধী দলের নেতারও এ দেশে থাকার অধিকার আছে। এমনকি বিরোধী দলের নেতা যদি আইনের চোখে কোনো অপরাধ করেও থাকেন, সরকার তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর এ দেশে থাকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। দ্বিতীয় কথা হলো, বিরোধী দলের নেতা কখন কোথায় যাবেন, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীর কিছু বলার থাকতে পারে না। তিনি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করবেন, ব্যক্তিগত আচরণের নয়।দুর্ভাগ্যজনক হলো, যুদ্ধাপরাধের বিচারটি সরকার চলমান রাজনৈতিক বিতর্কের বাইরে রাখতে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে, সে বিষয়টি আগেভাগে ফয়সালা করা গেলে এ নিয়ে প্রধান বিরোধী দল মাঠে নামার সুযোগ পেত না। নির্বাচন নিয়ে বিরোধী দলের মধ্যে যে অনাস্থা ও অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব সরকারেরই।প্রধানমন্ত্রীর কাছে যদি বিরোধী দলের নেতার দেশ ও জনগণের স্বার্থবিরোধী তৎপরতার কোনো তথ্য-প্রমাণ থাকে, তাঁর উচিত আইনি প্রতিকার চাওয়া। কিন্তু তা না করে ব্যক্তিগত কুৎসা ও আক্রমণ রাজনৈতিক পরিবেশকে আরও দূষিত করবে। কয়েক দিন আগে বগুড়ায় বিরোধী দলের নেতাও প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে পালিয়ে যাওয়ার পথ পাবেন না, ধরে আনা হবে মর্মে রীতিমতো বলগাহীন মন্তব্য করেছিলেন। এসব রাজনীতির মেঠো বক্তৃতা হলেও তাঁরা নিশ্চয়ই এর বিষময় ফল সম্পর্কে অবগত আছেন। জাতীয় নেতা-নেত্রীরা যদি পরস্পরের প্রতি এভাবে বিষোদ্গার করতে থাকেন, তাহলে রাজনীতিতে সুস্থিরতা ফিরে আসবে কীভাবে? আমরা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কাছে আরও দায়িত্বশীল, আরও গঠনমূলক বক্তব্যই আশা করি।