প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সময়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজে সাক্ষাৎকারটি দিয়েছেন, যখন দেশ নানামুখী সংকটে আবর্তিত হচ্ছে। একদিকে বিরোধী দলের উপর্যুপরি হরতাল জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, অন্যদিকে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি উত্থাপন, যা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জন্যই হুমকিস্বরূপ। সংগঠনটি ধর্মাবমাননাকারীদের বিচারের জন্য পাকিস্তানের অনুকরণে ব্লাসফেমি আইন চালুর পাশাপাশি বর্তমান সরকারের আমলে প্রণীত এবং বহুলভাবে প্রশংসিত শিক্ষানীতি ও নারী উন্নয়ন নীতি বাতিলেরও দাবি জানিয়েছে।প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে ব্লাসফেমি আইন করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এবং সেনাশাসন কিংবা জরুরি অবস্থা জারির আশঙ্কাও নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ন রাখার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সে জন্য ধন্যবাদ পেতে পারেন। কিন্তু আগামী নির্বাচন নিয়ে দেশে যে ভয়াবহ সংকট চলছে, তার উত্তরণ সম্পর্কে প্রধানমন্ত্রী তেমন কিছু বলেননি। এমনকি দুর্ভাগ্যজনকভাবে তাঁর সাক্ষাৎকারে সেই সংকটের স্বীকৃতিটুকুও মেলেনি। সরকারের নীতিনির্ধারকেরা যা-ই বলুন না কেন, বর্তমানে দেশে যে সংকট ও সহিংসতা চলছে, তার মূলে রয়েছে নির্বাচন নিয়ে গভীর অনিশ্চয়তা। সবকিছু যুদ্ধাপরাধের বিচার বন্ধের ষড়যন্ত্র বলে চালানো আত্মঘাতী হতে পারে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক মত যে একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া দেশের সর্বস্তরের মানুষই যুদ্ধাপরাধের বিচার চায়। সেই সঙ্গে এও স্বীকার করতে হবে যে নির্বাচন নিয়ে জটিলতার অবসান না হওয়ার কারণে ওই ক্ষুদ্র গোষ্ঠীটি ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাচ্ছে।এ অবস্থায় প্রধানমন্ত্রী ‘অন্যান্য দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, বাংলাদেশেও সেই পদ্ধতিতে হবে’ কিংবা ‘বিরোধী দলের প্রস্তাব থাকলে সংসদে এসে বলুক’ বলে যে সহজ সমাধান দিয়েছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়। ১৯৯৫-৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দল যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিল, তখনো ক্ষমতাসীনেরা একই যুক্তি দেখিয়েছিলেন। বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার সংস্থা কিংবা উপনির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে তিনি যে দাবি করেছেন, তার সঙ্গে কেউ দ্বিমত করবেন না। কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে ওই সব নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটে না। আর জাতীয় নির্বাচনের জন্য কেবল সাংবিধানিক বাধ্যবাধকতাই যথেষ্ট নয়। অতএব, আরও প্রাণহানি ও সম্পদ ধ্বংসের আগেই নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী সব দলের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা জরুরি। আর সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই।আমরা মনে করি, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হলে তা যেমন গ্রহণযোগ্যতা পাবে না, তেমনি সেই নির্বাচন করা সম্ভব হবে কি না, সে বিষয়েও যথেষ্ট সংশয় আছে। দেশবাসী ১৫ ফেব্রুয়ারির মতো আরেকটি প্রহসনমূলক নির্বাচন দেখতে চায় না।