প্রবাসী-আয়ে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী-আয় এসেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ডলার কম। প্রবাসী-আয় বা রেমিট্যান্সই বাংলাদেশের বৈদেশিক আয়ের দ্বিতীয় প্রধান উৎস। জিডিপি বা মোট দেশজ উৎপাদনেও এর ভূমিকা ব্যাপক। প্রবাসী-আয় কমে আসাকে তাই অর্থনীতির জন্য অশনিসংকেত হিসেবে ধরতে হবে। বিদেশ থেকে কেন কম বৈদেশিক মুদ্রা আসছে এবং কীভাবে একে আগের জায়গায় নেওয়া যায়, এসব প্রশ্নের উত্তর সরকারের কাছে রয়েছে তো?
প্রবাসী–আয়ে টান পড়েছেজাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে বাংলাদেশের প্রবাসী-আয় কমে আসার আশঙ্কা কয়েক বছর ধরেই উচ্চারিত হচ্ছিল। প্রথম আলোর বৃহস্পতিবারের প্রধান শিরোনামে সেই আশঙ্কারই বাস্তব আলামত প্রকাশিত হয়েছে। বিশেষত গত জানুয়ারি থেকে বিদেশ থেকে অর্থ আসার মাত্রা কমতে শুরু করেছে। ২০১৫-১৬ অর্থবছরের শুরু থেকেই অর্থনীতির আস্থার সূচক প্রবাসী-আয়ে মন্দা ভাব চলছে বলে জানিয়েছে প্রথম আলো। প্রবাসী-আয় কমে যাওয়ায় জাতীয় ভোগ কমে যাবে। যার প্রভাব পড়বে অভ্যন্তরীণ বাজারে। তা নেতিবাচক ছাপ রেখে যাবে জিডিপির প্রবৃদ্ধিতে। তা ছাড়া, গ্রামাঞ্চলে যে নিম্ন আয়ের মানুষেরা প্রবাসী-আয়ের ওপর নির্ভরশীল, শ্রেণি-উত্তরণের বদলে তাঁদের অনেকেরই দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হবে।
দেশে ডলারের তুলনায় টাকার শক্তিশালী অবস্থান, আবার ইউরোপসহ আরও কয়েকটি জায়গায় ডলারের তুলনায় যে স্থানীয় মুদ্রায় বাংলাদেশিরা আয় করেন, তার দাম কমে যাওয়ায়ও দেশে পাঠানো টাকার অঙ্ক কমে যাচ্ছে বলে বিশ্লেষকেরা জানাচ্ছেন। অন্যদিকে লিবিয়ার যুদ্ধ পরিস্থিতি, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান বন্ধের প্রভাবও এই খাতকে ভোগাচ্ছে। এ ছাড়া কম বেতনভোগী নারী শ্রমিকেরা বেশি হারে বিদেশ যাওয়ার পরিপ্রেক্ষিতে জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিট্যান্স বাড়ছে না।
এককথায় পরিস্থিতি বহু কারণেই প্রতিকূল। একে অনুকূল করায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত কর্মপন্থা দরকার। সম্প্রতি সিঙ্গাপুরে বাংলাদেশি কিছু শ্রমিকের জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার মতো ঘটনাও বিদেশে কর্মসংস্থানকে প্রভাবিত করবে। সরকার কি সামনের কঠিন পরিস্থিতি অনুধাবন করতে পারছে?