প্রবাসী আয়ে ভাটার টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর সোমবারের সংবাদ জানাচ্ছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাইয়ে ১০০ কোটি ডলার প্রবাসী আয় আসে। গত বছর এসেছিল এর চেয়ে ৩৮ কোটি ডলার বেশি। জুলাইয়ের পরের তিন মাসেও প্রবাসী আয়ের রেখা পড়তির দিকেই ছিল। সব মিলিয়ে গত জুলাই-অক্টোবর সময়ে ৪২৫ কোটি ৫৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের ৫০৩ কোটি ২০ লাখ ডলারের চেয়ে ১৫ দশমিক ৪২ শতাংশ কম।

এ সময়ে প্রবাসী আয় কমার কারণগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয়ই। প্রথমেই ধরতে হবে জনশক্তি রপ্তানিতে ভাটার সমস্যাকে। বাংলাদেশি শ্রমবাজার দীর্ঘদিন সৌদি আরবে বন্ধ থাকলেও এখন সেখানে সব পেশার পেশাজীবী পাঠানোর সুযোগ হয়েছে। তারপরও প্রবাসী আয় কমে যাওয়ার কারণ কী? বাংলাদেশের ব্যাংক কেলেঙ্কারির ঘটনার প্রভাবে অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস ও মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অশান্তির কারণেও লোক প্রেরণ কমেছে।

পরিস্থিতি অনুকূল না থাকলে কৌশল বদলাতে হয়। নির্মাণশ্রমিক ও গৃহকর্মের জায়গায় আমাদের উচিত ছিল প্রযুক্তি-দক্ষ ও কারিগরি পেশার কর্মী পাঠানো। এর জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ দরকার। তা ছাড়া প্রবাসে কর্মসংস্থানে দুর্নীতি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর অদক্ষতাও নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিস্থিতি খতিয়ে দ্রুতই পরিত্রাণের পথ বের করতে হবে। কেননা, প্রবাসী আয় অর্থনীতির এক বড় চালিকাশক্তি।