প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার প্রবাসী বাংলাদেশিদের সম্মেলনে দেশে তাঁদের বিনিয়োগের পথে বেশ কয়েকটি সমস্যার বিষয় উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সেবার মান বৃদ্ধি, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করা, শেয়ারবাজারে বিনিয়োগ সহজ ও স্বচ্ছ করা, প্রবাসীদের বিনিয়োগ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা প্রভৃতি। বাংলাদেশ যদি প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে চায়, তাহলে এগুলো তো করতে হবেই, আরও কিছুর নিশ্চয়তা দিতে হবে। যেমন: গ্যাস, বিদ্যুৎ, জমির ব্যবস্থা না হলে কে কোথায় বিনিয়োগ করবে? এর ওপর আছে বিভিন্ন হয়রানি বন্ধের বিষয়। সম্মেলনে দুবাইপ্রবাসী একজন বাংলাদেশি অভিযোগ করেছেন যে দেশে এলে বিমানবন্দরে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়।
এ অভিযোগ নতুন নয়। কিন্তু দুঃখের বিষয় হলো, কর্তৃপক্ষ ওসব অভিযোগে কান দেয় না। প্রবাসীরা নিজের দেশে আসতে যদি বাধাবিপত্তির মুখে পড়েন, তাহলে তাঁদের পুঁজি দেশে এনে বিনিয়োগ করবেন কীভাবে? বিদেশি বিনিয়োগ বৃদ্ধির হার না বাড়লে বাংলাদেশের অর্থনীতি সংকটে পড়বে। ২০১২-১৩ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১৭৩০ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু পরের অর্থবছরের প্রথম নয় মাসে এর পরিমাণ ছিল ১১১১ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার। তার মানে একই হারে বজায় থাকলে গত অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ হয়তো কমে গেছে। প্রবাসীদের বিনিয়োগের পথে যদি বিভিন্ন বাধাবিপত্তি থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে কোন ভরসায়?
আসুন, মাতৃভূমির ঋণ শোধ করিসামগ্রিকভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ এখন খুব জরুরি। বিনিয়োগকারীদের সুবিধার জন্য বিনিয়োগ বোর্ডে ওয়ান স্টপ সার্ভিসের প্রবর্তন করা হয়েছিল। কিন্তু এটা এখন ‘ফুলস্টপ’ সার্ভিস হিসেবে প্রতিভাত হচ্ছে। শিল্প স্থাপনে গ্যাসের লাইন পেতে বছরের পর বছর ঘুরতে হয়। পদে পদে দুর্নীতির অভিযোগও কম নয়। এসব বিষয়ে একটা বিহিত হতে হবে। না হলে বিনিয়োগে প্রবাসীদের আস্থা অর্জন করা যাবে না।