শ্রমিকের শ্রমদান যদি বৈধ হয়, তাহলে তাঁর পরিচয় কীভাবে অবৈধ হয়ে যায়? সেই কাজটিই করেছে মালয়েশিয়ার সরকার। সেখানে ভিসা নবায়ন না করায় ‘অবৈধ’ হয়ে গেছেন প্রায় চার লাখ বাংলাদেশি শ্রমিক। ‘অবৈধ’ হওয়ায় তাঁরা এখন সেখানকার পুলিশের সহজ শিকার। ১১ মাস যাবৎ মালয়েশীয় সরকার বিষয়টি সুরাহা করার ব্যাপারে গড়িমসি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার সচেষ্ট হলেও এখন পর্যন্ত ব্যর্থ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যাঁর দুঃখ-যন্ত্রণার শেষ নেই, তাঁর নাম প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাঁদের দুর্দশার অন্তহীন গল্প আমাদের ব্যথিত ও লজ্জিত করে।এ দুর্ভাগ্যের জন্য ওই শ্রমিকদের দায়ী করা চলে না। প্রথমত, মালয়েশীয় সরকারই কলিং ভিসায় ওই চার লাখ বাংলাদেশিকে নিয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী এক বছরের ভিসা দেওয়া হলেও প্রতিবছর তা নবায়ন করা হয়। অথচ তাঁদের বেলায় সেটা করা হচ্ছে না। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তাঁদের এ ভোগান্তি থেকে মুক্তি দিতে বাংলাদেশ দূতাবাস তেমন কিছুই করছে না। দূতাবাসের কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে, তাঁরা সম্ভব সবকিছুই করছেন। কিন্তু যে প্রচেষ্টা নিষ্ফল, তা অর্থহীন।বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের সস্তা শ্রম সে দেশের অর্থনীতির জন্যও দরকারি। বাংলাদেশে মালয়েশীয় পণ্যের বাজারও বাড়ছে। এসব বিবেচনায় মালয়েশিয়াকে চাপ দেওয়ার মতো অবস্থান বাংলাদেশের রয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের ভাগ্যবিপর্যয় ঠেকাতে সরকারের উচিত হাতে থাকা সব সুযোগ কাজে লাগানো। অন্যদিকে, প্রতারক চক্রকে শায়েস্তা করার ব্যাপারেও সরকারি সংস্থার শিথিলতা অত্যন্ত হতাশাজনক।বাংলাদেশ তার শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনের দরবারে প্রায় নিরস্ত্র। কারণ, বাংলাদেশ জাতিসংঘের অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা ও অধিকারবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী হলেও সরকার তার আইনি বাস্তবায়ন এখনো ঘটায়নি। আমরা অবিলম্বে জাতিসংঘ কনভেনশনের সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। পাশাপাশি দেশের অসাধু রিক্রুটিং এজেন্সিগুলো, বিশেষত যারা আন্তর্জাতিক মানব পাচারচক্রের অংশ, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রবাসে বাংলাদেশের দূতাবাসগুলোর অদক্ষ ও অসৎ কর্মকর্তাদের অপসারণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।প্রবাসী শ্রমিকেরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ নাগরিক। তাঁরাই এককভাবে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার উৎস। তাঁদের পাঠানো ডলারের বলেই বাংলাদেশ আমদানি বাবদ খরচ মেটাতে পারে। প্রবাসের বৈরী পরিবেশে যাঁরা রক্ত পানি করে দেশের অর্থনীতির সঞ্জীবন ঘটিয়ে চলেছেন, তাঁদের অধিকারের সুরক্ষা সরকারের পয়লা অগ্রাধিকার হওয়া উচিত।