প্রবাসীদের ভোটাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার প্রশ্নোত্তরকালে বলেছেন, জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে প্রবাস থেকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদের সাড়ে চার বছরের মাথায় এসে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে প্রবাসীরা আশ্বস্ত হবেন বলে মনে হয় না। আর কয়েক মাস পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় প্রবাসীরা দেশে এলে ভোট দিতে পারেন, এটা সবারই জানা। প্রবাসীদের দাবি ছিল, প্রবাস থেকেই যাতে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু পূর্বাপর সরকারগুলো তাঁদের আশার ছলনে ভুলিয়ে রাখার কৌশল নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।অস্বীকার করার উপায় নেই, রাজনৈতিক নেতৃত্ব জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাকে কখনোই অবশ্যপালনীয় কাজ মনে করেন না। প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার পক্ষে জোরালো আওয়াজ তুললেও কার্যকর পদক্ষেপ নেননি। বর্তমান নির্বাচন কমিশন এ নিয়ে তেমন উচ্চবাচ্য না করলেও সাবেক নির্বাচন কমিশন অনেক দৌড়ঝাঁপ করেছিল। এমনকি কমিশনের কর্মকর্তারা ‘হিল্লি-দিল্লিও’ ঘুরে এসেছিলেন। কিন্তু তাঁরাও প্রবাসীদের জন্য সুখবর দিতে পারেননি।বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকেরা যদি সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে এখানে বসেই ভোট দিতে পারেন, তাহলে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা কেন বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না? প্রবাসীদের এই ন্যায়সংগত দাবিটি অবাস্তবায়িত থাকার কারণ কি রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার অভাব, না নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত দক্ষতা ও যোগ্যতার ঘাটতি?কারণ যা-ই হোক না কেন, যে প্রবাসীরা নিজেদের কষ্ট ও ঘামের অর্থে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার বাড়িয়ে চলেছেন এবং জাতীয় প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছেন, সেই প্রবাসীদের সঙ্গে এ ধরনের মশকরা অমার্জনীয় অপরাধ বলেই মনে করি। আইন সংশোধনের মৌখিক উদ্যোগ নয়, প্রবাসীরা যাতে প্রবাসে থেকে আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা নিন। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এ ক্ষেত্রে আইনি কিংবা কারিগরি ঘাটতির দোহাই একেবারেই অগ্রহণযোগ্য।