প্রবাসীর উদ্যোগে সেতু নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দাবি পূরণের কথা জনপ্রতিনিধিদের, সেটা কিনা পূরণ করলেন এক প্রবাসী বাংলাদেশি! নদীর ওপর সেতু না থাকায় সময়মতো চিকিৎসক আসতে পারেননি। তাই বৃদ্ধা ফুলেছা বেগমের জীবন সে যাত্রায় বাঁচানো গেল না! এই দুঃখ তাঁর আদরের নাতিটি ভোলেননি। তিন বছরের মাথায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সেই নদীতে তিনি একটি সেতু নির্মাণ করলেন। প্রবাসী হলেও এলাকার আর কেউ যেন তাঁর দাদির মতো যোগাযোগ-সংকটের কারণে মারা না যান, এই প্রত্যয়ে তিনি নিজের অর্থে সেতুটি নির্মাণ করেন। কোনো কোনো মানুষের ভেতর যে সোনার মন থাকে, এ ঘটনা তারই উদাহরণ। এ রকমই এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ময়মনসিংহের রিকশাচালক জয়নাল আবেদীন, যিনি নিজের কষ্টার্জিত আয় দিয়ে একটি হাসপাতাল করেছেন। যুক্তরাজ্যপ্রবাসী মুজিবুর রহমানকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন।
‘আমি যে কষ্ট পেয়েছি তা যেন আর কেউ না পায়’, এমন চেতনাকেই মহত্ত্ব বলে, পরোপকারী বলে। যুক্তরাজ্যপ্রবাসী মুজিবুর রহমান কালেভদ্রে দেশে আসেন। এলাকার চেয়ারম্যান-সাংসদ হওয়ার ইচ্ছাও তাঁর নেই। তাঁকে হয়তো বিচলিত করেছিল এই কষ্ট যে যোগাযোগব্যবস্থা খারাপ বলে চিকিৎসকও আসতে পারলেন না, আর রোগীকেও নেওয়া গেল না হাসপাতালে! কষ্টটা তিনি ভোলেননি। তাই সিলেটের বিশ্বনাথ উপজেলার কোনারাই বাজার ও কাহিরঘাট বাজারের সংযোগস্থলে বাসিয়া নদীতে সেতু নির্মাণের চিন্তা আসে এবং এক বছরের মাথায় দেড় কোটি টাকা খরচ করে তিনি ১৫০ ফুট দীর্ঘ এবং ১৮ ফুট প্রস্থের যে সেতু নির্মাণ করলেন।
অথচ এই দায়িত্ব ছিল স্থানীয় সাংসদ, ইউপি চেয়ারম্যানদের ওপর। কিন্তু তাঁরা আশ্বাস দিলেও সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেই একজন প্রবাসীকে এগিয়ে আসতে হয়েছে। মুজিবুর রহমান ও জয়নাল আবেদীনের মতো মহৎ মানুষ আছেন বলেই বাংলাদেশ একটু একটু করে এগোচ্ছে। অবস্থাবান দেশি ও প্রবাসীদের উচিত তাঁদের দৃষ্টান্ত অনুসরণ করা।