ঝিনাইদহে মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধার ওপর যেভাবে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, তা সত্যিই আতঙ্কের। প্রকাশ্যে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যেমন প্রশ্নের মুখে ফেলে, তেমনি জননিরাপত্তা বলে কিছু আছে কি না, সেই সংশয়ও জাগিয়ে তোলে। দুর্বৃত্ত চক্র কতটা বেপরোয়া ও শক্তিশালী হলে এ ধরনের ঘটনা ঘটাতে পারে, তা আমরা অনুমান করতে পারি।
প্রথমআলোর খবরে বলা হয়েছে, মুক্তার হোসেন মৃধা (৬৫) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। গত ১৮ অক্টোবর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জাকির মেডিকেল নামে একটি ওষুধের দোকানে বসে থাকার সময় হঠাৎ নিজ দলের প্রতিপক্ষ একটি গ্রুপের একদল সন্ত্রাসী লোহার রড, হাতুড়ি, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। পাশে বসা তাঁর ছেলে গোলাম মুর্শিদ এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পুরো ঘটনা জাকির মেডিকেলের সিসি ক্যামেরায় ধরা পড়ে। মুক্তার হোসেনের আরেক ছেলে সুমন মৃধা সিসি ক্যামেরার ফুটেজটি সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করেন। পরে এটি ভাইরাল হয়ে যায়।
সুমন মৃধা এ ঘটনায় বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শৈলকুপা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। কিন্তু মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ও মামলার বাদীকে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। পুলিশ শুরুতে একজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপর নয়। দুর্বৃত্তদের ধরতে তাদের এত অনীহা কেন? দুর্বৃত্তদের বর্বর আক্রমণে দুজন আহত এবং ঘটনার ফুটেজ থাকার পরও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তঁাদের ধরতে সক্রিয় না হয়, তখন সমাজে যে বার্তাটি যায় তা হচ্ছে আইন সবার জন্য সমান নয়। দুর্বৃত্তদের পেছনে শক্তিশালী কেউ বা রাজনৈতিক সমর্থন থাকলে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। দেশে আইনের শাসন কার্যকর থাকলে এমন হওয়ার কথা নয়।
আমরা এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। আইনের শাসন নিশ্চিত করতে হলে অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। মুক্তিযোদ্ধা মুক্তার হোসেনের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।