পেশাগত দায়িত্ব পালনের কারণে আক্রমণের শিকার হয়ে এক পা হারানো সাংবাদিক প্রবীর সিকদারকে পুলিশ গত রোববার গ্রেপ্তার করেছে। ফেসবুকে একটি বক্তব্য (স্ট্যাটাস) প্রকাশ করার কারণে তাঁর বিরুদ্ধে এক প্রভাবশালী মন্ত্রীর ‘মানহানির’ অভিযোগ তুলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন ফরিদপুর জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি স্বপন পাল। আমরা এই মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছি।
প্রথমত, বিত্তশালী ও ক্ষমতাধর কতিপয় ব্যক্তির পক্ষ থেকে আক্রান্ত হওয়ার শঙ্কায় বিপন্ন বোধ করে সাংবাদিক প্রবীর সিকদার ‘আমার জীবনের শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ বলে তিন ব্যক্তির নাম উল্লেখ করে যে স্ট্যাটাস ফেসবুকে প্রকাশ করেছেন, তাতে তাঁর নিজের বিপন্নতার বোধ পরিস্ফুট হয়। এমন পরিস্থিতিতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কর্তব্য ছিল তাঁর ওই বিপন্নতার পক্ষে দাঁড়ানো, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা। উল্টো তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি কালো বিধান প্রয়োগ করায় ক্ষমতার অন্যায় দাপটের প্রকাশ ঘটেছে।
কারাগারে সাংবাদিক প্রবীর সিকদারদ্বিতীয়ত, আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবীর সিকদারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জানি, পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নামে শারীরিক কিংবা মানসিক, কিংবা উভয় প্রকারের নির্যাতন করা হয়। প্রবীর সিকদার কোনো খুনি, জঙ্গি বা রাষ্ট্র-সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী নন, বরং আক্রান্ত হওয়ার শঙ্কায় মরিয়া একজন সাংবাদিক। তাঁকে রিমান্ডে নেওয়ার কী প্রয়োজনীয়তা ছিল, তা আমাদের বোধগম্য নয়। পুলিশি রিমান্ডে তাঁকে যেন কোনো ধরনের নির্যাতন করা না হয়।
প্রবীর সিকদারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাটি প্রত্যাহার করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল করে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এমন কালাকানুন গ্রহণযোগ্য নয়। ২০০১ সালে রাজাকারদের বিরুদ্ধে প্রতিবেদন লেখার জন্য সন্ত্রাসীদের হামলায় তাঁকে একটি পা হারাতে হয়েছে; মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারকে নিশ্চিত করতে হবে তিনি যেন আবার আক্রান্ত না হন।