প্রভাবশালীদের সংশ্লিষ্টতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার ও বাংলাদেশ থেকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে থাইল্যান্ডের রাজকীয় সেনাবাহিনীর উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ উঠেছে—এ খবরের চেয়ে বড় খবর হলো তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থাই সেনাবাহিনী তাঁকে বরখাস্ত করেছে এবং তিিন আত্মসমর্পণ করেছেন। খুব সংগত কারণেই বাংলাদেশের সংবাদমাধ্যমে এ খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের জন্য এ খবর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এ দেশের বিপুলসংখ্যক মানুষ বছরের পর বছর ধরে অবৈধ পন্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে আসছে, কিন্তু আমাদের প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। কীভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে এ মানুষগুলো পাচার হয়ে চলেছে, সে ব্যাপারে তাদের জবাবদিহি চাওয়া হয়নি। তাদের কোনো অংশ এ অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হয়নি।
থাই সেনাবাহিনীও জড়িত পাচারে!কয়েকজন মানব পাচারকারী ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কাজের সন্ধানে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামী এসব লোককে ‘অসুস্থ মানসিকতা’র বলে মন্তব্য করা হয়েছে। কিন্তু কীভাবে মানব পাচারকারী চক্রগুলো এ দেশে সক্রিয় থাকতে পারছে? দেশের প্রচলিত আইন ও জলসীমান্তের নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করার সুযোগ কীভাবে তারা পাচ্ছে? তাদের পেছনে স্থানীয় প্রভাবশালী কোনো ব্যক্তি বা মহলের মদদ রয়েছে কি না, সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোর কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয়ে গভীর তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
থাইল্যান্ডের সেনাবাহিনীর উপদেষ্টা থেকে শুরু করে দেশটির অনেক সরকারি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানব পাচারকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা এবং তাঁদের অনেককে গ্রেপ্তার করাসহ তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগের দৃষ্টান্ত আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। মানব পাচারের অন্যতম উৎসস্থল আমাদের দেশেও এ ধরনের সংশ্লিষ্টতার সম্ভাবনা প্রবল। আমরা এ ব্যাপারে তদন্তের দাবি জানাই। যাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রমাণিত হবে, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগের উদ্যোগ নিতে হবে।