প্রয়োজন টেকসই নীতি ও পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ও ১৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যে এসএমই অর্থায়ন মেলা অনুষ্ঠিত হলো, তা দেশের ছোট ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করবে। এ ধরনের মেলা কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য স্থানেও করা যেতে পারে। মেলায় প্রথমবারের মতো এসএমই খাতে বিশেষ অবদানের জন্য বাছাই করা বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘এসএমই ব্যাংকিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এটি ইতিবাচক।
কিন্তু মেলায় এসএমই শিল্পোদ্যোক্তারা যেসব সমস্যা তুলে ধরেছেন, সেগুলো দূর করতে না পারলে গোটা শিল্প খাতই ঝুঁকিতে পড়বে। বর্তমানে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে এসএমই খাত। এই খাতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও তুলনামূলক বেশি। তাই যেসব খাতের সম্ভাবনা আছে, সেসব খাতে প্রণোদনা দিতে হবে। কিন্তু যেসব খাতের সম্ভাবনা নেই, সেসব খাতকে জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করা ঠিক হবে না। নতুন যে শিল্পনীতি প্রণীত হতে যাচ্ছে, তাতে এসএমই খাতের প্রতি বিশেষ নজর দেওয়া হবে আশা করা যায়।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংক সুদের হার ৮ থেকে ৯ শতাংশে নামিয়ে আনার যে দাবি জানিয়েছেন, তা অত্যন্ত যৌক্তিক। যেহেতু এসএমই উদ্যোক্তারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন, সেহেতু তাঁদের ভারী শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পুরস্কৃত করাই যথেষ্ট নয়, কম সুদে ঋণসহ তাঁদের বাড়তি সুবিধাও দিতে হবে। গত চার বছরে (২০১০-২০১৩) মোট ১৮ দশমিক ৩৫ লাখ এসএমই উদ্যোক্তাকে দুই লাখ ৬২ হাজার ৩৪০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৯০ হাজার নারী উদ্যোক্তাকে নয় হাজার ৪৪৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।
অর্থনীতির প্রাণশক্তি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সামনে এগিয়ে নিতে চাই সরকারের টেকসই নীতি-পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন।