রাজধানী শহরের সবচেয়ে সুবিধাবঞ্চিত গোষ্ঠী হলেন রিকশাচালক; কিন্তু তাঁদের জীবনেও গতি ও স্বস্তি এনেছে মুঠোফোন প্রযুক্তি। এটাই তাঁদের গ্রামের বাড়িতে টাকা পাঠানোর প্রধান মাধ্যম। এ থেকে প্রমাণিত হয়, প্রান্তিক মানুষ প্রযুক্তিভীত তো নয়ই, বরং সুযোগ অবারিত করা গেলে প্রযুক্তিকে আপন করে নিতে তাঁদের জুড়ি নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের করা জরিপ জানাচ্ছে, ‘ঢাকা শহরের ৭৬ শতাংশ রিকশাচালক মুঠোফোনের মাধ্যমে গ্রামের বাড়িতে টাকা পাঠান। এর ফলে তাঁদের ঝুঁকি কমছে এবং অর্থ সাশ্রয় হচ্ছে।’ বেসরকারিভাবে প্রবাসী শ্রমিক, পোশাকশ্রমিক ও রিকশাচালক গোষ্ঠীই হলো এককভাবে গ্রামে নগদ পুঁজি সরবরাহের প্রধান জোগানদাতা। এর সামাজিক অবদানও কম গুরুত্বপূর্ণ নয়। প্রয়োজনের মুহূর্তে টাকা পাঠানো ও আনানো অতি সহজ হয়ে যাওয়ায় উভয় পক্ষেরই আত্মবিশ্বাস বাড়ে; জীবনেও স্বাচ্ছন্দ্য আসে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান প্রথম আলোর কাছে যথার্থই বলেছেন যে, ‘দরিদ্র মানুষের টিকে থাকার সংগ্রাম এর ফলে সংহত হয়েছে।’ প্রযুক্তিকে আপন করায় রিকশাচালকদের প্রতি আমাদের অভিনন্দন।
মুঠোফোনের মাধ্যমে টাকা লেনদেন চালুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগী ভূমিকা প্রশংসনীয়। সনাতনি পদ্ধতিতে পোস্ট অফিস কিংবা মানি অর্ডারের মাধ্যমে এই লেনদেন হলেও তা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন হলেও ছোট আকারের লেনদেনের জন্য মুঠোফোন ব্যাংকিংই উত্তম উপায়। পোস্ট অফিসও এখন অনলাইনে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে।
বর্তমানে মুঠোফোন প্রযুক্তির মাধ্যমে দিনে ৩০০ কোটি টাকারও বেশি দেনদেন হয়ে থাকে। সে ক্ষেত্রে সেবামূল্য কমানোর কথাও ভাবা যেতে পারে। লেনদেন যত বেশি হবে ব্যাংকের আয়ও তত বাড়বে। গরিব মানুষ ঠকছেন কি না, টাকা পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম ও বঞ্চনার ব্যাপার ঘটছে কি না, সে ব্যাপারে সরকারিভাবে অনুসন্ধান ও তদারকি দরকার। কেননা, ভালো তখনই ভালো, যখন তা শেষ পর্যন্ত ভালো থাকে।