মানুষকে জিম্মি বানানোর ‘উৎকৃষ্ট’ একটি উদাহরণ হতে পারে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট। এ দেশের লঞ্চঘাটগুলোতে ইজারা নিয়ে অনিয়মের ঘটনা, স্থানীয় রাজনীতির প্রভাব ও নানা অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি নতুন কিছু নয়। দেখা যাচ্ছে, ইলিশা ঘাটটি নিয়ন্ত্রণ নিয়ে অসাধু কর্মকর্তা ও ইজারাদার স্থানীয় রাজনৈতিক নেতা মিলে একটি চক্র গড়ে উঠেছে। ঘাটটির ইজারামূল্য এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে চক্রের ইজারাদার ছাড়া সেটি আর কেউ নিতে না পারেন। এমন পরিস্থিতিতে ঘাটটি ঘিরে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের মতো ভয়াবহ অভিযোগও উঠেছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৭-১৮ সালে ইলিশা ঘাটের ইজারামূল্য ছিল ১২ লাখ টাকা। পাঁচ বছরে সেটি প্রায় ২২ গুণ বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি টাকা। প্রতিদিন ঘাটটি থেকে বৈধ আয় আসার কথা মোট ৩০ হাজার টাকা। অথচ ইজারাদারের দৈনিক খরচ কমপক্ষে ৮৫ হাজার টাকা।
সে হিসাবে প্রতিদিন ইজারাদারকে ৫০ থেকে ৫৫ হাজার টাকা ক্ষতি গুনতে হবে। এরপরও বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে ঘাটের ইজারামূল্য নির্ধারণ করা হয়। পাঁচ বছর ধরে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে ইজারামূল্য বাড়তে থাকলেও বারবার ইলিশা ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীই সেই ঘাট ইজারা পান।
এখন বাড়তি ইজারার টাকা তুলতে যাত্রীদের জিম্মি বানিয়েছেন ইজারাদার। নিয়ম অনুসারে সেখানে কোনো টোলচার্টও নেই। যাত্রীদের অভিযোগ, ইলিশা-লক্ষ্মীপুর নৌপথে লঞ্চের নির্ধারিত ভাড়া ৭৯ টাকা ৫০ পয়সা হলেও নেওয়া হচ্ছে ১৮০ টাকা। ঘাটের টিকিটের মূল্যও দিতে হয় দ্বিগুণ। মালের ভাড়া তো আছেই। ইজারাদার ও লঞ্চমালিক যেন চুক্তি করে যাত্রীর পকেট কাটছেন।
ইলিশা লঞ্চঘাটের সাবেক ইজারাদারেরা বলছেন, জোরজুলুম আর অনৈতিক ব্যবসা ছাড়া এ বিপুল পরিমাণ ইজারার টাকা তোলা সম্ভব নয়। এ নৌপথ দিয়ে মাদকের বিশাল চালান আসে। ইজারাদারের ছেলে কয়েকবার মাদকসহ ধরাও পড়েছেন। এ ছাড়া অবৈধ ট্রলার ও স্পিডবোট থেকেও চাঁদাবাজি করেন তিনি। যদিও সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদার সোহরাওয়ার্দী।
ভোলা নদীবন্দর কর্মকর্তার বক্তব্য, ঘাটের প্রাক্কলন দর ঢাকা থেকে নির্ধারণ করা হয়। আর সর্বোচ্চ দর ডাকা ব্যক্তিকেই ঘাটের ইজারাদার নিয়োগের নিয়ম। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি চক্র গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করছে বলে ঘাটটি ঘিরে এ অরাজকতা তৈরি হয়েছে। কিন্তু ইজারা নিয়ে এমন অসংগতিতে কেন চুপ আছে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ? তাহলে কি আমরা মনে করব মানুষকে জিম্মি করা, চাঁদাবাজিসহ নানা অবৈধ কর্মকাণ্ডে তাদের সায় আছে?