প্রশ্নপত্র ফাঁস চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস আইন ও নৈতিকতার বিচারে গুরুতর অপরাধ হলেও কর্তৃপক্ষ এত দিন অস্বীকার করে এসেছে। তাদের হাবভাব এমন যে চোখ বন্ধ রাখলেই বোধ হয় প্রলয় বন্ধ হবে। সেটি যে হয়নি, তার জ্বলন্ত প্রমাণ জ্ঞানকোষ একাডেমি নামের একটি কোচিং সেন্টারের আড়ালে প্রশ্নপত্র ফাঁসের শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠা। রাজধানীর মতিঝিল এলাকার চারটি স্কুলের ৭ শিক্ষকসহ মোট ১৯ ব্যক্তির বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে; যঁাদের মধ্যে ৯ জন গ্রেপ্তার হয়েছেন।
চলতি বছরের এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র পরীক্ষার দিন সকালেই ছড়িয়ে পড়ে। তখন ঢাকা বোর্ডের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয় যে পরীক্ষা শুরুর আগেভাগে শিক্ষকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হতে পারে। এখন দেখা যাচ্ছে, আগেভাগে নয়, পরীক্ষাকেন্দ্র থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি থেকে জানা যায়, ওই কোচিং সেন্টারের মালিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে তা অসাধু শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে ক্যামেরায় প্রশ্নপত্রের ছবি তুলে নিয়ে অসাধু শিক্ষকদের সহায়তায় দ্রুত উত্তর লিখিয়ে নেওয়া হতো। এর সঙ্গে কোচিং সেন্টারের মালিক ও শিক্ষকেরা সরাসরি জড়িত থাকলেও শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরাও দায় এড়াতে পারেন না। কোনো অভিভাবক যদি না চান তাঁর সন্তান অসাধুতার আশ্রয় নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে না, তাহলে প্রশ্নপত্র ফাঁসকারীরা রমরমা ব্যবসা করতে পারতেন না।
প্রশ্নপত্র ফাঁসের দায়ে একটি চক্রের কয়েকজন মাত্র ধরা পড়েছেন। এ ধরনের চক্র আরও আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদের খুঁজে বের করে বিচারে সোপর্দ করা। আর এর সঙ্গে জড়িত অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শুক্রবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি পরিবেশের মধ্যে আছি, যা আমরা সব খুলে বলতেও পারি না, সহ্যও করতে পারি না।’ মন্ত্রী মহোদয়ই যদি সব কথা খুলে বলতে না পারেন, তাহলে সাধারণ মানুষের অসহায়ত্বের কথা ভাবুন। এখন থেকে আর সহ্য করা হবে না—তার এই প্রত্যয়ের প্রতিফলন কাজেই দেখতে চায় দেশবাসী। সত্য অস্বীকারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।