দেশব্যাপী পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের প্রথম চার দিনে প্রায় ১২ হাজার লোকের গ্রেপ্তার হওয়ার খবরটি মোটেই স্বস্তি দেয় না। প্রথমত, এই বিপুলসংখ্যক ব্যক্তি যদি সত্যি সত্যি জঙ্গি বা সন্ত্রাসী হয়ে থাকে তাহলে তো উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা কি সন্ত্রাসের জনপদে বাস করছি?
এই উদ্বেগ আরও বেড়ে যায় যখন বিশেষ অভিযানের মধ্যেই নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের তৎপরতা ও উসকানিমূলক প্রচারপত্র চোখে পড়ে। তৃতীয় উদ্বেগের কারণ বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ডের মতো দুর্ধর্ষ জঙ্গির জেলের ভেতর থেকে মানুষ হত্যার প্ররোচনার খবর। জেলখানার ভেতর থেকে একজন জঙ্গি বাইরে চিরকুট পাঠায় কীভাবে? তাহলে কি সরষের ভেতরেই ভূত রয়েছে? কাশিমপুর জেলখানা থেকে জঙ্গি পালানোর ঘটনায় পুলিশ সদস্যের সহায়তা ছিল বলে অভিযোগ আছে।
এবারের অভিযানে জঙ্গি ও সন্ত্রাসী ধরার চেয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা-কর্মীকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হচ্ছে, তাদের সবাইকে আদালতে সোপর্দও করা হচ্ছে না। বগুড়ায় গ্রেপ্তার হওয়া ৩৭২ জনের মধ্যে ১৭১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলেও অন্যদের হদিস মেলেনি। এর মাধ্যমে কি ঈদের আগে একশ্রেণির পুলিশ সদস্যের গ্রেপ্তার–বাণিজ্য বা উৎকোচের পথ উন্মুক্ত করে দেওয়া হলো না?
স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তারের এই সংখ্যাকে স্বাভাবিক বলে দাবি করেছেন। বলেছেন, দিনে প্রতি থানায় ২০ জন করে চার দিনে ১২ হাজার গ্রেপ্তার হওয়া অস্বাভাবিক নয়। সেটাই যদি হবে তাহলে বিশেষ অভিযানের তাৎপর্য বা ফলাফলটা কী? থানা থেকে আদালতে নেওয়ার সময়ে আসামি হাওয়া হয়ে যাওয়ার রহস্যটাই বা কী? এসব প্রশ্নের উত্তর না মিললে বিশেষ অভিযান থেকে কোনো ফল পাওয়া যাবে না। বরং তা নিরীহ ও নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার–বাণিজ্যের উপলক্ষ হিসেবেই বিবেচিত হবে।