তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যমের জন্য একটি খসড়া নীতিমালা দাঁড় করিয়েছে। ১২ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের তথ্য মন্ত্রণালয়ে ডেকে এটি বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ এই খসড়া নীতিমালা বাতিলের কথা বলেছেন। আমার মনে হয়, এটি বাতিল না করে সবার মতামত নিয়ে সংশোধিত আকারে গ্রহণ করাটাই বেশি যুক্তিযুক্ত হবে। কারণ, গণমাধ্যমের নীতিমালার অভাব এই দেশে গণমাধ্যম কীভাবে পরিচালিত হয়, তা বোঝার ক্ষেত্রে একটি বাধা। প্রতিনিয়ত অনলাইন গণমাধ্যম বিস্তৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে এই খসড়া নীতিমালা প্রণয়ন ও বিতরণ সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে খসড়া প্রণয়নের ও বিতরণের প্রক্রিয়া নিয়ে কথা হতে পারে। প্রক্রিয়াটি নিয়ে যে প্রশ্ন ওঠা উচিত সেটি হচ্ছে, তথ্য মন্ত্রণালয় এই নীতি প্রণয়নের যথার্থ সংস্থা কি না? আমরা যদি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকাই, তা হলে দেখব, কোনো গণতান্ত্রিক দেশেই তথ্য মন্ত্রণালয় এই ধরনের নীতিমালা প্রণয়ন করে না। ইউরোপের দেশগুলোতে একসময় তথ্য বা যোগাযোগ মন্ত্রণালয় এই নীতিমালা প্রণয়ন করত। আশির দশকেই ইউরোপে এই পদ্ধতি বদলে গেছে। কিন্তু আমরা আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক পদ্ধতি চালু রেখেছি। কারণ, আমাদের তথ্য মন্ত্রণালয় ব্রিটিশ ও পরবর্তী সময়ে পাকিস্তান সরকার প্রণীত নীতিগুলোকে ভিত্তি ধরে এগুলোর সঙ্গে নতুন বিষয় যুক্ত করে জগাখিচুড়ি নীতিমালা তৈরি করে। এখন অন্য গণতান্ত্রিক দেশগুলোতে গণমাধ্যম ও যোগাযোগ-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে সংসদ বা আইনসভা দ্বারা সৃষ্ট একটি সংস্থা। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ও ব্রিটেনে অফিস অব কমিউনিকেশন (অফকম)। এফসিসি গঠিত হয়েছে ১৯৫০-এর দশকে আর অফকম গঠিত হয়েছে ১৯৮০-এর দশকে। এই সংস্থাগুলো জনগণের কাছে জবাবদিহি করে সংসদ বা আইনসভার কাছে জবাবদিহির মাধ্যমে।তবে টেলিযোগাযোগের ক্ষেত্রে আমরা একটু গণতন্ত্রায়ণের দিকে এগিয়েছি। এ বিষয়ে নীতি ও আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ এবং এই খাতকে দেখাশোনা করার জন্য এফসিসি ও অফকমের আদলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) করা হয়েছে। যেহেতু বাংলাদেশে সম্প্রচার মাধ্যমগুলোর বা গণমাধ্যমের জন্য এ ধরনের প্রতিষ্ঠান নেই। এগুলোর নীতি ও আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে সরকার। বিভিন্ন নীতিমালায় ঢালাওভাবে ‘সরকার’ শব্দটি ব্যবহূত হয়। সরকার বলতে আসলে কাকে বোঝায়। যখন ‘সরকার’ শব্দটি শুনি, তখন আমাদের সামনে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদের চেহারা ভেসে ওঠে। সরকার বলতে যদি তা-ই বোঝায়, তা হলে আলোচ্য গণমাধ্যম নীতিটি কি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ তৈরি করেছেন? না। এটি করেছে তথ্য মন্ত্রণালয়, যেখানে শুধু মন্ত্রী হচ্ছেন সরকারের প্রতিনিধি আর বাকিরা হচ্ছেন রাষ্ট্রের। আমলারা নীতি তৈরি করেন রাষ্ট্রের প্রয়োজনে।অনলাইন গণমাধ্যমের জন্য যে নীতিটি করা হয়েছে, তা জনগণের প্রয়োজন কতটা পূরণ করবে? এটা বোঝার উপায় হচ্ছে, নীতি প্রণয়নের উদ্দেশ্যকে বিশ্লেষণ করা। নীতিমালাটির শুরুতে বলা হয়েছে, অনলাইন গণমাধ্যম দ্রুত বিকাশ লাভ করছে, তাই এ মাধ্যমের জন্য একটি নীতিমালা দরকার। গণমাধ্যম জনস্বার্থ রক্ষা করে। এটি করে মানুষকে সচেতন ও চিন্তা করতে শেখানোর মাধ্যমে। এর ফলে সে তার নিজের অধিকার বুঝে নিতে পারে, সমাজের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে ভূমিকা রাখতে পারে। এই জনস্বার্থ রক্ষার কাজটি যেন যথার্থ হয়। রাষ্ট্রের নীতিনির্ধারকদের দায়িত্ব হচ্ছে গণমাধ্যমকে মানসম্মত আধেয় নিয়ে জনগণের কাছে সহজলভ্য হতে সাহায্য করা। এই নীতিমালা কি তাই করে?নীতিমালাটি পর্যালোচনা করলে দেখা যায়, এটির মূল উদ্দেশ্য দুটি—এক. রাষ্ট্রের কোষাগারের জন্য অর্থ আহরণ। দুই. অনলাইন মাধ্যমের কণ্ঠরোধ। কীভাবে এই উদ্দেশ্যগুলো পূরণ করা হবে? অর্থ আহরণের জন্য লাইসেন্স ফি বাবদ নেওয়া হবে পাঁচ লাখ টাকা এবং প্রতিবছর নবায়নের জন্য নেওয়া হবে ৫০ হাজার টাকা। এতে শুধু ধনী ব্যবসায়ীরাই অনলাইন গণমাধ্যমের লাইসেন্স পাবেন। আর এটা পেয়ে লাইসেন্সধারীর উদ্দেশ্য হয়ে দাঁড়াবে, এই টাকাটি মুনাফাসহ পুনরুদ্ধার। এ জন্য তিনি বিজ্ঞাপনের ওপর নির্ভর করবেন এবং অনলাইন আধেয় পড়া বা দেখার জন্য অর্থ দাবি করার কথা ভাববেন। এখন অন্তত আধেয় পড়ার জন্য কোনো অর্থ দিতে হয় না। নতুন নীতি বাস্তবায়িত হলে বিজ্ঞাপনের প্রভাবে আধেয় কমে আসবে এবং অনেকের কাছেই অনলাইন গণমাধ্যম দুর্লভ হয়ে যাবে। এতে জনস্বার্থ বিঘ্নিত হবে। এই নীতিমালায় বলা হয়েছে, ‘সরকারের’ কোনো নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে [ধারা ৯ (ঘ)] সরকার লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে। আবার ১৩ ও ১৪ ধারায় বলা হয়েছে, কী কী ধরনের সংবাদ/অনুষ্ঠান সম্প্রচার করা যাবে ও যাবে না। ৯, ১৩ ও ১৪ ধারা পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে অনলাইন মাধ্যমগুলোকে সরকারের দাস হিসেবে রেখে দেওয়াটাই এই নীতিমালার বড় উদ্দেশ্য। এই নীতিমালায় অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনার জন্য তথ্যসচিবের নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি এবং এই মাধ্যমগুলোর তদারকির জন্য একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি করার কথা বলা হয়েছে। এ কমিটি দুটোতে থাকবেন সরকারের পছন্দের আমলা ও সরকারি গণমাধ্যমে চাকরিরত কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও গণমাধ্যম নীতি নিয়ে পড়ানো হয় ও গবেষণা হয়। এই কমিটি দুটোতে কোনো বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হয়েছে কি না, নীতিমালার টেক্সট থেকে তা বোঝার উপায় নেই। যাঁরা এই নীতির খসড়া প্রণয়ন করেছেন, তাঁরা হয়তো সরকারকে খুশি করতে চেয়েছেন অনলাইন গণমাধ্যমের নিয়ন্ত্রণ সরকারের হাতে দিয়ে। তাই নীতিমালাটি চূড়ান্ত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। এক. এই নীতিমালায় বলা উচিত, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গণমাধ্যম কমিশন করে এ-সংক্রান্ত নীতি ও আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে। দুই. নীতিমালায় গণমাধ্যমের কণ্ঠরোধে সক্ষম এবং জনস্বার্থবিরোধী ধারাগুলো পরিবর্তন করা আবশ্যক। নতুন তথ্যমন্ত্রী সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নীতিমালা করার কথা বলেছেন। এখন দেখার বিষয়, সেই নীতিমালাটি সরকারের স্বার্থ রক্ষা করে, না জনগণের।ড. শফিউল আলম ভূইয়া: চেয়ারপারসন, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।