নদীর সঙ্গে সংযুক্ত প্রাকৃতিক জলাভূমি বাঁওড়। একসময় হাওর-বাঁওড়ের দেশ বলা হতো বাংলাদেশকে। খাল-বিলের পানি বাঁওড় দিয়েই নদীতে মেশে। এ কারণে প্রাকৃতিক এ জলাভূমি মাছের বড় উৎস। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাবদিয়া বাঁওড়টি ভূমিহীনদের কাছে বন্দোবস্ত দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি এ জলাভূমি ব্যক্তিমালিকানায় রেকর্ড করে নিয়েছেন প্রভাবশালীরা।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ভাবদিয়া বাঁওড়টির কিছু জমি বিক্রি বা হস্তান্তর না করার শর্তে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল। বন্দোবস্ত দেওয়া সেই জমির সঙ্গে মোট প্রায় ২৫০ বিঘা জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। দখলদারেরা ওই সব জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। সেখানে অর্ধশত বড় বড় পুকুর কেটে মাছ চাষ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে বাঁওড় থেকে পানি নামছে না। খেতের ফসল পানিতে ডুবে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড় বড় পুকুর কেটে দুই গ্রামের কিছু মানুষ বাঁওড়ের জমি দখল করেছে। ২৫ বছর আগে এসব পুকুর কাটা হয়। এর ফলে গোটা বাঁওড়ের জমি দখলদারদের কবলে চলে গেছে। দখলদারেরা আরএস রেকর্ডের সময় সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে নিজেদের নামে রেকর্ড করে নেন। এখন তাঁরা জমির মালিক বলে প্রচার চালাচ্ছেন। বাঁওড়টি দখলদারদের হাত থেকে মুক্ত করতে তাঁরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাঁওড়ের জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ভাবদিয়া বাঁওড়ে সরকারি জমি এসএ ও সিএস রেকর্ডে সরকারের ১ নম্বর খতিয়ানে ছিল। আরএস রেকর্ডের ৭১ জনের নামে রেকর্ড হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য মামলা করা হয়েছে। বর্তমানে ৭১টি মামলা চলছে। বাঁওড়ের সরকারি জমি ব্যক্তিমালিকানায় যাওয়ার সুযোগ নেই।
ভাবদিয়া বাঁওড় দিয়ে পার্শ্ববর্তী ৩২৬টি মৌজার মাঠের পানি বড়বিল হয়ে কোদলা নদীতে নেমে যেত। প্রাকৃতিক মাছের বড় উৎস হওয়ায় জেলেরা সারা বছর সেখানকার মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন প্রাকৃতিক জলাভূমি দখলে নিয়ে পুকুর কাটায় বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে কৃষি উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে।
বাঁওড়কে নদীর প্রাকৃতিক বন্ধু বলা হয়। এ ধরনের জলাভূমি না থাকলে নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়ে। ভাবদিয়া বাঁওড়টি দ্রুত দখলদারদের হাত থেকে মুক্ত করে এর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন।