ভেজাল প্যারাসিটামল ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে দীর্ঘ ২১ বছর পর আদালত এক ঐতিহাসিক রায়ে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিকসহ তিনজনকে জেল-জরিমানা করেছেন। ১৯৮০ থেকে ১৯৯২ সাল সময়ের মধ্যে শত শত শিশু কিডনি বিকল হয়ে মারা যাচ্ছিল। তখন প্যারাসিটামল সিরাপ পরীক্ষা করে দেখা যায়, কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওষুধে প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে চামড়াশিল্পে ব্যবহৃত সস্তা ও বিষাক্ত রাসায়নিক পদার্থ গ্লাই ইথিলিন গ্লাইকল ব্যবহার করছে। এসব ওষুধের বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হচ্ছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান। পাঁচটির মধ্যে একটি অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাই হতে পারেনি। অপর চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ছাড় পেয়েছে, দুটি মামলা স্থগিত। মাত্র একটি মামলায় রায় হয়েছে। অনেক দেরিতে এবং শাস্তির মেয়াদ খুব কম, তিনজনের প্রত্যেককে মাত্র ১০ বছর করে কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা হলেও একটি দৃষ্টান্ত স্থাপিত হলো, এটা মন্দের ভালো।
মামলাটি একসময় চাপা পড়ে গিয়েছিল। গণমাধ্যম লেগে না থাকলে হয়তো অপরাধীরা নাগালের বাইরেই থেকে যেত। প্রমাণিত হলো চিকিৎসক, হাসপাতাল, গণমাধ্যম ও নাগরিক সমাজ সব সময় সচেষ্ট থাকলে অনেক অপরাধেরই বিচার ও সাজা নিশ্চিত করা সম্ভব। বিলম্বিত বিচার অনেক ক্ষেত্রে অবিচারের পর্যায়ে চলে যায়, যে শিশুরা ওই সব ভেজাল ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, তাদের মা-বাবাদের অনেকেই হয়তো দেখে যেতে পারলেন না যে শেষ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে শাস্তির রায় হয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের প্যারাসিটামল খেয়ে অন্তত ৭৬ জন শিশুর মৃত্যু হয়েছিল। তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। অনেক দেশেই এ রকম ব্যবস্থা আছে। অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। বিষয়টি আদালত ও সরকারের সক্রিয় বিবেচনায় আনা হোক। ক্ষতিপূরণের ব্যবস্থা হলে শিশু হারানো পরিবারগুলো যেমন সান্ত্বনা পাবে, তেমনি ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না।