প্রাণহানির ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ আরও বেশি সংঘাতময় হয়ে উঠেছে। ১১ নভেম্বর নির্বাচন সামনে রেখে মেহেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ছাড়া পাবনা, সীতাকুণ্ড, নোয়াখালী, পিরোজপুর, নেত্রকোনা, নরসিংদীতে সংঘর্ষ, গুলি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপিসহ আরও কয়েকটি দল বর্জন করায় এ নির্বাচন একদলীয় হয়ে পড়েছে এবং সংঘর্ষগুলোও ঘটছে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের বিদ্রোহীদের সমর্থকদের মধ্যে। গত জুন ও সেপ্টেম্বর দুই দফায় প্রথম ধাপে ৩৬৫টি ইউপির নির্বাচন হয়। আগামীকাল দ্বিতীয় ধাপে দেশের ৮৪৬টি ইউপিতে ভোট হবে। এ ছাড়া তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর। সহিংসতার পাশাপাশি ভোট ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার হিড়িক পড়েছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ১ হাজার ২১১ ইউপির মধ্যে ১৫৪টিতে চেয়ারম্যান পদে ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে এ পর্যন্ত মোট ২০ জনের প্রাণহানি দেখতে হলো।

নির্বাচনকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে উঠেছেন ক্ষমতাসীন দলের নেতারা। দলীয় প্রার্থীদের জিতিয়ে আনতে তাঁদের পক্ষ থেকে একের পর এক হুঁশিয়ারি আমরা গত এক সপ্তাহে দেখতে পেলাম। নৌকায় ভোট না দিলে কবরস্থানে জায়গা হবে না বলে ভোটারদের হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বর্তমান এক ইউপি চেয়ারম্যান। মাদারীপুর-৩ আসনের সাংসদের পক্ষ থেকে এক নেতা নৌকার বিপক্ষে ভোট দিলে ‘কারও বেঁচে থাকার অধিকার নাই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন। কুষ্টিয়ায় দলীয় প্রার্থীর প্রচারণায় এক নেতা তো লড়াই করে থানাকেই হটিয়ে দেওয়ার ঘোষণা দেন। আরেক দিকে কিশোরগঞ্জের বাজিতপুরে দলীয় চেয়ারম্যান প্রার্থীর জনসভায় হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতা একে-৪৭ রাইফেলের ভয় দেখিয়েছেন। টেবিলের ওপর প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ দেন তিনি। কর্মী-সমর্থকদের অভয় দিয়ে ওই নেতা বলেন, ‘প্রশাসন আমাদের। পুলিশ আমাদের। সরকার আমাদের।’

নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে সব পক্ষের জন্য সমতল মাঠ নিশ্চিত করতে না পারায় নির্বাচন আজ প্রহসনে পরিণত হয়েছে। সেই সঙ্গে রাজনীতি ও ক্ষমতার দুর্বৃত্তায়ন একটি সুষ্ঠু নির্বাচনকে কঠিন করে তুলেছে। দ্বিতীয় ধাপের নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার দিকনির্দেশনা মাঠপর্যায়ে কোনো কাজে লাগেনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কাজে লাগাতে তিনি ব্যর্থ। নির্বাচনের নতুন যে সংস্কৃতি গত এক দশকে তৈরি হলো, তারই ধারাবাহিকতা বলা যায় একে। শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ—এমন সব বিষয় দিন দিন অকল্পনীয় হয়ে উঠছে আরও। এখন নির্বাচন মানে হয়ে পড়েছে, ক্ষমতাসীন দলের মনোনয়নই জয়ের শতভাগ নিশ্চয়তা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, চলমান ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিদিনের খুনখারাবি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না। এত প্রাণহানির মধ্য দিয়ে যে নির্বাচন হচ্ছে, এর থেকে জনগণ কী আশা করতে পারে? অস্ত্রবাজি ও সন্ত্রাসের মধ্য দিয়ে যাঁরা নির্বাচিত হয়ে আসছেন, তাঁরা কি আদৌ জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? কোনো ধরনের ক্ষমতাই প্রয়োগ করতে নির্বাচন কমিশনকে দেখা যাচ্ছে না। মেয়াদের শেষ পর্যায়ে এসে কেন এই দায়সারা নির্বাচন? নির্বাচনকে এ কমিশন রীতিমতো তামাশা বানিয়ে ফেলেছে। দুর্ভাগ্যজনকভাবে এসব অর্থহীন নির্বাচনেই হানাহানি ও প্রাণহানি ঘটে চলেছে। বর্তমান কমিশনের কাছে কোনো গ্রহণযোগ্য নির্বাচন আশা করার সুযোগ নেই।

নির্বাচন নিয়ে আমরা আর কোনো সংঘাত ও প্রাণহানি দেখতে চাই না।