একটি নগরের সৌন্দর্যের জন্য ভাস্কর্য বা নানা স্থাপনা স্বাভাবিক অনুষঙ্গ। কারওয়ান বাজারের মোড়ের বাঘের ভাস্কর্য ঢাকা মহানগরীর সৌন্দর্য আদৌ বাড়াতে পারুক বা না পারুক একজন ভ্যানচালকের প্রাণ কেড়ে নিয়েছে। রাজধানীর নানামুখী পরিকল্পনাহীনতার অন্যতম উদাহরণ এই ঘটনা।
ভ্যানচালক মোহাম্মদ আলী প্রতিদিনই তাঁর ভ্যানটি নিয়ে এই বাঘের ভাস্কর্যের নিচে ঘুমাতেন। শুক্রবার ভোররাতে এই ভাস্কর্যের নিচে চাপা পড়েই মারা গেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এই ভাস্কর্য দেখভালের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। যে বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে এই ভাস্কর্য করা হয়েছিল, তাদেরও খোঁজ নেই।
আধুনিক নগরগুলোতে সৌন্দর্যবর্ধনের জন্য যখন নানা উদ্যোগ নেওয়া হয়, তখন এতে যেমন পরিকল্পনা থাকে, তেমনি সৌন্দর্যবর্ধনের জন্য কাজগুলোর মধ্যে সাযুজ্য থাকে, থাকে নিখুঁত নিরাপত্তাব্যবস্থাও। আমাদের দেশে নানা উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের যে চেষ্টা দেখা যায়, তাতে এ ধরনের পরিকল্পনার নজির নেই। অধিকাংশ ক্ষেত্রেই তাড়াহুড়ো করে কাজ করা হয়। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে এ ধরনের কিছু কাজ হয়েছে এবং সে সময়ই এই বাঘের ভাস্কর্য বসানো হয়েছিল। সৌন্দর্য বৃদ্ধির কাজে একসময়ে নগরের সড়ক বিভাজকে ‘বিউটিফিকেশনের’ সময় টয়লেটের টাইলস লাগানোও শুরু হয়েছিল। স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের সমালোচনার মুখে তা বন্ধ করা হয়।
ভাস্কর্য স্থাপনের সঙ্গে যেমন সৌন্দর্যের বিষয়টি রয়েছে, তেমনি এর কারিগরি ও প্রকৌশলগত দিকও রয়েছে। কারওয়ান বাজারের মোড়ে বসানো বাঘের ভাস্কর্যের নান্দনিক দিক নিয়ে যেমন প্রশ্ন তোলা যায়, তেমনি এর প্রকৌশলগত দিক যে বিবেচনায় নেওয়া হয়নি, তা ভাস্কর্য ধসে পড়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে যে বা যাদের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তাদের শাস্তি নিশ্চিত করবে।