প্রাথমিক পাঠ্যবই ছাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক পাঠ্যবই ছাপা নিয়ে বিশ্বব্যাংক ও মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে, তাতে আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোয় সংশয় জেগেছে। গত কয়েক বছর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি মুদ্রণ প্রতিষ্ঠান কিছু কাজ পাওয়ায় এবারে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো প্রাক্কলিত দরের চেয়ে ৩২ শতাংশ কম দামে বই ছাপার দরপত্র জমা দেয়। ফলে দাতা প্রতিষ্ঠান, এনসিটিবিসহ সংশ্লিষ্টদের মনে সন্দেহ জাগে যে উল্লিখিত দামে মানসম্মত বই ছাপা সম্ভব হবে কি না। এরপর বিশ্বব্যাংক নিরাপত্তা জমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে এবং তৃতীয় কোনো সংস্থা দ্বারা ছাপার মান যাচাইয়ের পর বিল পরিশোধ করা হবে বলে নতুন শর্ত দেয়, যা মুদ্রণ প্রতিষ্ঠানগুলো মানতে নারাজ। তাদের যুক্তি, দরপত্র আহ্বানের সময় যেসব শর্ত ছিল, তার বাইরে যাওয়া যাবে না।
প্রাথমিকের বই ছাপা নিয়ে জটিলতা বাড়ছেএ অবস্থায় দরপত্র আহ্বানকারী এনসিটিবির পক্ষে এখনো কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। বছরের প্রথম দিন বই দিতে হলে কার্যাদেশ দেওয়ার জন্য ১৩০ দিন সময় দিতে হয়। কার্যাদেশ দেওয়ার বিষয়টি যত বিলম্ব হবে, শিক্ষার্থীদের সময়মতো বই পাওয়া তত অনিশ্চিত হবে। আবার বিশ্বব্যাংক ও মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা ছাড়া কার্যাদেশ দেওয়াও অসম্ভব।
উল্লেখ্য, ৩ আগস্ট প্রথম আলোয় এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এনসিটিবি ও মন্ত্রণালয় নড়েচড়ে বসলেও এখনো সমস্যার সুরাহা না হওয়া দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব পাঠ্যবই ছাপা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হতে হবে। এ ব্যাপারে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর গেঁা ধরে থাকার কথা নয়। তারা যদি শর্ত অনুযায়ী ছাপার ও কাগজের মান ঠিক রাখার বিষয়ে আন্তরিক হয়, তাহলে তৃতীয় প্রতিষ্ঠান দিয়ে যাচাই করাতে আপত্তি কোথায়? শিক্ষার্থীদের হাতে যথাসময়ে পাঠ্যবই পৌঁছানো যেমন জরুরি, তেমনি জরুরি সেই বইয়ের মান নিশ্চিত করা। দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ হিসেবেই কাজটি করতে হবে; ফাঁকিবাজির সুযোগ নেই।