প্রাথমিক বিদ্যালয়ে আর্সেনিকযুক্ত পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় আর্সেনিকযুক্ত পানি পান করছে বলে প্রথম আলোয় খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক এ কারণে যে তারা শিশু, ভবিষ্যতের দক্ষ লোকবল হিসেবে গড়ে ওঠার জন্য তারা বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যদি তাদের স্বাস্থ্যই হুমকির মুখে পড়ে, তাহলে তাদের সুস্থ, শিক্ষিত, কর্মক্ষম নাগরিক হিসেবে বেড়ে ওঠার সুযোগ থাকবে না।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফুলপুর উপজেলার সরকারি, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮টি নলকূপের পানি পরীক্ষা করে ১৭টিতে শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ৫ মাত্রার আর্সেনিক পেয়েছে। ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা সবচেয়ে বেশি—শূন্য দশমিক ৫। বিদ্যালয়গুলোর শিক্ষকেরা বলেছেন, তাঁরা শিশুদের ওই সব নলকূপের পানি পান করতে নিষেধ করেছেন, কিন্তু শিশুরা তবু আর্সেনিকযুক্ত পানি পান করে। কোনো কোনো শিক্ষক বলেছেন, আর্সেনিকযুক্ত পানি পান করা যে ক্ষতিকর, তা ওই শিশুরা জানে না। আর্সেনিকযুক্ত পানির নলকূপগুলো লাল রঙে চিহ্নিত করার কথা; কিন্তু উল্লিখিত নলকূপগুলোতে লাল চিহ্ন নেই।অর্থাৎ দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের গাফিলতির কারণে কয়েক হাজার শিশু বিপজ্জনক মাত্রার আর্সেনিকযুক্ত পানি দিনের পর দিন পান করে চলেছে। প্রথমত, আর্সেনিকযুক্ত পানির নলকূপগুলো আদৌ লাল রঙে চিহ্নিত করা হয়েছিল কি না, হয়ে থাকলে কত দিনে তা মুছে গেল, কী মানের রং ব্যবহার করা হয়েছিল যে তা মুছে গেল—এসব বিষয়ে খোঁজখবর রাখা স্থানীয় জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্ব। আর এই মুহূর্তে করণীয় হলো, যেসব নলকূপে লাল চিহ্ন নেই, সেগুলোতে অবিলম্বে দীর্ঘস্থায়ী, সম্ভব হলে অমোচনীয় লাল রং দিয়ে চিহ্নিত করা। দ্বিতীয়ত, বিদ্যালয়গুলোর শিক্ষকদের একটা বড় দায়িত্ব আর্সেনিকযুক্ত পানি পান করার ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। তৃতীয়ত, আর্সেনিকযুক্ত পানি পান করতে নিষেধ করলে তার বিকল্প ব্যবস্থাও অবশ্যই করতে হবে; বিদ্যালয়ে তৃষ্ণার্ত শিশুর জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। মোট কথা, বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বপূর্ণ মনোযোগ প্রয়োজন।