প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার প্রাথমিক শিক্ষকদের সমাবেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। এর ফলে এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি সরকারি আওতায় এল। ১৯৯১ সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে এলেও এর আগে কোনো সরকারই তা মানেনি। সে ক্ষেত্রে বর্তমান সরকার ধন্যবাদ পেতে পারে। অনুষ্ঠানে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা গুরুত্বের দাবি রাখে। দেশে এখনো অনেক গ্রাম আছে, যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই। সংবিধান অনুযায়ী প্রতিটি শিশুর মৌলিক ও প্রাথমিক শিক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। প্রশ্ন হলো, জাতীয়করণের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার মান বাড়বে কি না, শ্রেণীকক্ষে ঠিকমতো পাঠদান ও পরীক্ষা চলবে কি না? পাঠদানের মান বাড়বে কি না? অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা ভালো বলা যাবে না। অবকাঠামোগত সমস্যা ছাড়াও মেধাবী ও যোগ্য শিক্ষকের অভাব প্রকট। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ভাবনা হলো, চাকরি যখন পেয়ে গেছেন, তখন পড়ালেও বেতন পাবেন, না পড়ালেও। এই মানসিকতা অবশ্যই পরিত্যাজ্য।প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার কথা বলেছেন। সেটি তখনই সুসংবাদ বয়ে আনবে, যখন সব বিদ্যালয়ে পাঠদান ও পড়াশোনার মান নিশ্চিত করা যাবে। প্রাথমিক শিক্ষাব্যবস্থায় যে বিশৃঙ্খল অবস্থা চলছে, তার প্রতিকারে অভিন্ন মাধ্যম ও পাঠ্যক্রম চালু করতে হবে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা কেউ পরীক্ষা দিয়ে চাকরিতে আসেননি। জাতীয়করণের আগে তাঁদের মেধা ও মান যাচাই করা জরুরি ছিল। এখন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার বিকল্প নেই। আরেকটি বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ জরুরি বলে মনে করি। প্রধানমন্ত্রী যখন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেন, তখনই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকেরা এমপিওভুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করছিলেন। তাঁদের সমস্যাটিও সহানুভূতির সঙ্গে দেখতে হবে। কেননা, শিক্ষা খাতে সুনাম অর্জনকারী সরকার শিক্ষকদের ন্যায়সংগত দাবি-দাওয়ার ব্যাপারে উদাসীন থাকতে পারে না।