এটি আনন্দের সংবাদ যে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে ৪ শতাংশ বেড়ে হয়েছে ৯২ দশমিক ৩৪। মেধাতালিকায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে, এও অবশ্য আনন্দের বিষয়। কেননা, সামগ্রিকভাবে পিছিয়ে পড়া নারীসমাজের অগ্রগতির ক্ষেত্রে এই মেধাবী মেয়েশিশুরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।লক্ষণীয় বিষয়গুলোর একটি হলো, বড় শহরের নামকরা বিদ্যালয়গুলোই শুধু নয়, এ পরীক্ষায় বেশ ভালো ফল করেছে বিভিন্ন জেলা শহর, এমনকি উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। সারা দেশের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর যে পেয়েছে, সে টাঙ্গাইলের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে যে চারজন, তারাও রাজধানীর কোনো নামী বিদ্যালয়ে পড়েনি। সুতরাং, অন্তত প্রাথমিক পর্যায়ে তথাকথিত ভালো বিদ্যালয়ে শিশু ভর্তি করানো না গেলে শিশুর ভবিষ্যৎ অন্ধকার, এমন ভুল ধারণার অবসান হওয়া উচিত। বরং সব পাড়া-মহল্লায় সব বিদ্যালয় যেন শিশুদের যত্নের সঙ্গে পড়ায়, সে লক্ষ্যে অভিভাবক ও নাগরিক পর্যায়ের সহযোগিতা প্রয়োজন।আনন্দের পাশাপাশি দুঃখের বিষয়ও এই, এবারের পরীক্ষায় অনুপস্থিতির হার গতবারের চেয়ে ২ শতাংশ বেড়েছে; যারা নিবন্ধন করেছিল, তাদের ১০ শতাংশ পরীক্ষায় অংশ নেয়নি। এই সংখ্যা দুই লাখ ১৪ হাজারেরও বেশি। এই বিপুলসংখ্যক শিশু কি প্রাথমিক পর্যায় পেরোনোর আগেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ল? অবশ্য সংখ্যাটি এত বেশি হওয়ার কারণ, রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) নামের এক পরীক্ষামূলক সরকারি প্রকল্পের আওতায় দেশের ৩০টি উপজেলার ছয় হাজার ৬৬১টি ‘আনন্দ বিদ্যালয়ের’ যে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল, তাদের মধ্যে প্রায় ৬৭ হাজারই পরীক্ষায় অংশ নেয়নি। এটি উদ্বেগের বিষয়। প্রকল্পটির ব্যর্থতা এই যে উৎসাহের সঙ্গে শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়েছিল, পরীক্ষায় অংশগ্রহণের বেলায় তাদের মধ্যে সেই উৎসাহ জাগানো যায়নি। এ প্রকল্পের শিক্ষক-সংকট, অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখে সেসব দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।এবারের পরীক্ষার ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসমাজ ও সরকার স্বভাবতই আনন্দিত। আমরাও সবার এই আনন্দের অংশীদার হয়ে বলতে চাই, পাসের হার ও বেশি নম্বর পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ যে শিক্ষা শিশুদের দেওয়া হচ্ছে তার গুণগত মান। আগামী দিনের সুন্দর সমাজ ও রাষ্ট্রের জন্য প্রকৃত মানুষ, যোগ্য নাগরিক ও দক্ষ পেশাজীবী গড়ে তোলার বুনিয়াদ রচিত হয় একদম প্রাথমিক বিদ্যালয়েই। এ বুনিয়াদ যেন মজবুত হয়, সে জন্য উন্নত শিক্ষার মান বাড়ানোর নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে।