প্রেরণা হয়ে থাকবেন ড. এম আর খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ড. এম আর খান গত শতকের বিশের দশকের সেই প্রজন্মের সন্তান, বিশ্বজুড়ে যাঁদের বলা হয় ‘গ্রেট’। ৮৮ বছর জীবনের ৬৪ বছরই তিনি মানবসেবায় নিয়োজিত ছিলেন। শিশুদের জন্য যে স্বতন্ত্র ধরনের চিকিৎসাব্যবস্থা ও চিকিৎসক দরকার, এই ধারণা তাঁর মাধ্যমেই এই দেশে প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালে এমবিবিএস পাস করে তিনি তাঁর এলাকা সাতক্ষীরায় চিকিৎসাসেবায় নিয়োজিত হন—যখন সেই এলাকায় কোনো এমবিবিএস চিকিৎসকই ছিলেন না। এরপর যুক্তরাজ্য থেকে চিকিৎসাশাস্ত্রের শীর্ষ ডিগ্রি ও প্রশিক্ষণ নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) কর্মজীবনের সূচনা হয় তাঁর। সেখানে শিশুস্বাস্থ্যবিষয়ক কোর্স চালু করেন। সেটা ছিল এমন এক সময়, যখন দেশে শিশুরোগের চিকিৎসক ছিল হাতে গোনা।

রাজশাহী মেডিকেলে শিশু বিভাগ প্রতিষ্ঠা দিয়ে প্রতিষ্ঠান গঠন শুরু হলো তাঁর। চাকরি শেষে প্রভিডেন্ড ফান্ডের অর্থ দিয়ে প্রতিষ্ঠা করলেন দুস্থ মা ও শিশুদের জন্য এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। এরপর জাতীয় পর্যায়ে শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন, শিশুস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা সেন্ট্রাল হাসপাতালসহ ঢাকা ও ঢাকার বাইরে বেশ কটি শিশু হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও ইনস্টিটিউট। ড. খান রচনা করেছেন বেশ কটি জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রকাশনা।

সুস্থতার শেষ দিন পর্যন্ত অর্থাৎ ১৯৫২ থেকে ২০১৬ পর্যন্ত এই ৬৪ বছর তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন। এর স্বীকৃতিও তিনি পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ বহু পুরস্কার ও সম্মাননা। দেশকে তিনি যা দিয়ে গেছেন তা অমূল্য। মানুষের সেবা করার এই সাধনা যদি দেশের চিকিৎসক সমাজ থেকে শুরু করে সর্বক্ষেত্রের মানুষকে প্রেরণা জোগায়, তবে সেটাই হবে তাঁর জীবন ও স্মৃতির প্রতি শ্রেষ্ঠ সম্মান।