ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের বক্তৃতায় মূলত সেসব কথাই আবার বলেছেন, যা তিনি নির্বাচনী প্রচারণার সময়জুড়ে বারবার বলে এসেছেন। তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে তিনি দেশটিরজনগণের সেই অংশটিকে আবার আশ্বস্ত করতে চেয়েছেন, যাঁরা নির্বাচনে তাঁর ঘোষিত নীতি ও কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে তিনি বিশ্বাস করেন। তাঁর অভিষেক বক্তৃতায় জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তির মানসিকতার প্রতিফলন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় নিবন্ধের শুরুতেই মন্তব্য করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অভিষেক ভাষণে আমেরিকা সম্পর্কে এমনই এক ‘অপ্রসন্ন ও অস্বস্তিকর রকমের অনৈতিহাসিক’ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, যা প্রেসিডেন্ট হিসেবে তাঁর কার্যমেয়াদ সম্পর্কে যতটা না আশা জাগায়, তার চেয়ে বেশি সন্দেহ-সংশয় উদ্রেক করে। যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট-এর সম্পাদকীয় নিবন্ধে লেখা হয়েছে, ট্রাম্পের বক্তৃতাকে শুধুই এক ‘তীব্র হতাশা’ হিসেবে বর্ণনা করা যায়।
যুক্তরাষ্ট্রের উদার গণতন্ত্রী, বহুত্ববাদী রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসারী জনগোষ্ঠী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে আমেরিকান সমাজে সংকীর্ণ, বিভেদমূলক ও পশ্চাদমুখী পরিবর্তনের যে আশঙ্কা বোধ করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক ভাষণে তা নিরসনের উপযোগী কোনো উপাদান নেই। বরং তিনি আমেরিকানদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় যেসব সংকীর্ণ মনোরঞ্জনবাদী কথাবার্তা বলেছেন, তাঁর অভিষেক ভাষণে সেসব কথাই আভাসে-ইঙ্গিতে প্রতিধ্বনিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে যাঁরা প্রত্যাশা করেছিলেন যে নির্বাচনী প্রচারণাকালের মনোরঞ্জনবাদী পথ প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর পরিত্যাগ করবেন, জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণিনির্বিশেষে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের সর্বজনীন প্রেসিডেন্ট হিসেবে, এবং একজন দায়িত্বশীল বিশ্বনেতা হিসেবে নিজেকে গ্রহণযোগ্য করে তোলায় সচেষ্ট হবেন—তাঁদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক বক্তৃতা আশাব্যঞ্জক নয়।
তবু আমরা বিশ্বাস করতে চাই, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এমন অনেক বাস্তবতার মুখোমুখি হতে হবে, যা প্রসারিত, উদার, সংযুক্তিমূলক ও বহুত্ববাদী মানসিকতা দাবি করবে। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার যে নীতি নির্বাচনী প্রচারণার সময় ঘোষণা করেছেন, অভিষেক বক্তৃতায় তার উল্লেখ ছিল না। তবু আমরা আশা করি তাঁর পররাষ্ট্রনীতি অপেক্ষাকৃত কম হস্তক্ষেপমূলক হবে।
আমরা আমেরিকান সমাজের গণতান্ত্রিক ঐতিহ্যের সজীবতা ও ধারাবাহিতায় আস্থা রাখতে চাই।