প্রেসিডেন্ট ট্রাম্পের ১০০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে চার বছরের অর্থাৎ ১৪৬০ দিনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এর মধ্যে তিনি ১০০ দিনও অতিবাহিত করতে পারেননি। কিন্তু শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সংবাদমাধ্যম ও অন্যান্য সংস্থা নানা ধরনের জরিপ চালিয়ে জনগণের মন বোঝার চেষ্টা করছে।
এই বিচার-বিশ্লেষণের জন্য ১০০ দিনের সময়টা হয়তো খুব বেশি নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় এই সময়কাল ক্ষমতাসীনের জন্য ‘হানিমুন পিরিয়ড’ বা ‘মধুচন্দ্রিমাক্ষণ’ হিসেবেই পরিচিত। অর্থাৎ নবদম্পতির মতো ক্ষমতায় আসীন নবীন শাসকের অনেক অপরাধ জনগণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে থাকে। তবে সমালোচকেরা বলতেই পারেন, হাঁড়ির একটি ভাত পরীক্ষা করে যদি ফল বলা সম্ভব হয়ে থাকে তবে ট্রাম্পের জন্য ১০০ দিন যথেষ্ট হবে না কেন? যুক্তিটি অকাট্য সন্দেহ নেই। আর যদি সে প্রেসিডেন্ট হন ট্রাম্পের মতো আলোচিত (সমালোচিত) ব্যক্তিত্ব।
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাজনীতির প্রচলিত ধারার বাইরে গিয়ে নানা জ্বালাময়ী প্রতিশ্রুতি দিয়ে জনচিত্ত জয় করেছিলেন। এ জন্য শুধু বিরোধী দলের নয়, নিজ দলের মধ্যকার বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে, যা আজও অব্যাহত। আর ট্রাম্প নিজেও কখনো মিডিয়াবান্ধব ছিলেন না, মিডিয়াও তাঁকে খুব একটা প্রসন্ন দৃষ্টিতে দেখেনি। সব মিলিয়ে তাঁর যে চিত্রকল্পটি এখন জনচিত্তে ভেসে ওঠে, তা খুব একটা সুখকর নয়।
তবে এই সময়কালে ট্রাম্প এটা নিশ্চয় বুঝেছেন, জনমোহিনী মেঠো বক্তৃতা এক জিনিস, আর ক্ষমতায় বসে তা বাস্তবায়ন আরেক জিনিস। অভিবাসীদের আমেরিকায় ঢোকা আটকাতে ক্ষমতায় বসেই তিনি যে নির্বাহী আদেশটিতে সই করেছিলেন, আদালতে তা আটকে গেছে। সর্বজনীন স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ বদলাতে নিজ দলের আইনপ্রণেতাদের কারণে কংগ্রেসে আটকে গেছেন। নিজ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগে বাধ্য হয়েছেন। সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করার পরিবর্তে নিজ দেশের মানুষের পকেট কাটছেন। সব মিলিয়ে তাঁর ব্যতিক্রমী চরিত্র সর্বত্র পরিস্ফুট।
ট্রাম্পের ঘোষণাই ছিল তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান; বিশ্বের নয়। কিন্তু সিরিয়ায় ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র বা আফগানিস্তানের গিরি কন্দের ‘মাদার অব অল বম্বস’ হামলা এই ঘোষণার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। উত্তর কোরিয়া নিয়েও এখনো ঝেড়ে কাশতে পারেননি। আর গলার কাঁটা রাশিয়া তো আছেই। ট্রাম্পের নির্বাচনে রাশিয়ার ইন্টারনেট কারসাজি নিয়ে কংগ্রেস ও এফবিআই আলাদা করে তদন্ত চালাচ্ছে। ফল কী হবে, তা আগাম অনুমান করা দুষ্কর।
প্রায় ১০০ দিনের পারফরম্যান্সে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহণযোগ্যতা অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় সর্বনিম্ন। অর্থাৎ মসনদে বসে জনচিত্ত জয়ের দুরূহ কাজটি করতে তিনি ব্যর্থ। এক জনমত জরিপে ১০ জনের মধ্যে মাত্র ৪ জন আমেরিকান বলেছেন ট্রাম্প সৎ ও বিশ্বাসযোগ্য। তারপরও অনেক আমেরিকান মনে করেন, ট্রাম্প একজন কঠোর শাসক। সাধারণ আমেরিকানদের জন্য চাকরির সোনার হরিণ একমাত্র তিনিই এনে দিতে পারেন। এটুকু এখনো তাঁর ভরসা।