প্রয়োজন মত প্রকাশের সহায়ক আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অত্যন্ত বিপজ্জনক এক কালাকানুন এবং এটা অবশ্যই সংশোধন করা প্রয়োজন—এই দাবি আমরা জানিয়ে আসছি ২০১৩ সাল থেকে, যখন ২০০৬ সালের আইনটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়। অতিসম্প্রতি এই ধারায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের, তাঁর গ্রেপ্তার, তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর, এবং রিমান্ড মঞ্জুরের পরেই জামিনে তাঁর মুক্তি—এসব ঘটনার মধ্য দিয়ে আমাদের দাবির যৌক্তিকতা আরও স্পষ্ট হয়েছে। এখন ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতা, মানবাধিকার সংগঠনের কর্মী ও আইন বিশেষজ্ঞরাও বলছেন, ৫৭ ধারা অসাংবিধানিক, এটা সংশোধন করা হোক।

প্রথমত, এ ধারার ১ উপধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে এমন কার্যের বিবরণ এত অস্পষ্ট ও দ্ব্যর্থকতাপূর্ণ যে এর ব্যাপক অপব্যবহারের সুযোগ রয়েছে। দ্বিতীয়ত, এর ২ উপধারায় উল্লেখিত দণ্ডের মেয়াদ অত্যন্ত বেশি: অনধিক ১৪ বছর এবং অন্যূন ৭ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। এতে অত্যন্ত লঘু অপরাধে অতিশয় গুরু দণ্ড হওয়ার সুযোগ রয়েছে। এবং এ উপধারায় ন্যূনতম দণ্ডের মেয়াদ বেঁধে দিয়ে বিচারকদের বিচারবুদ্ধির প্রতি অশ্রদ্ধা ও অনাস্থার প্রকাশ ঘটানো হয়েছে। তৃতীয়ত, এ ধারায় বিচার্য অপরাধগুলো আমলযোগ্য ও অজামিনযোগ্য। এখানেও বলতে হয়, অত্যন্ত লঘু অপরাধে যেকোনো নাগরিকের ব্যাপক হয়রানির সুযোগ রয়েছে।
৫৭ ধারার বিষয়ে সবচেয়ে বড় আপত্তি হলো, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতার’ যে নিশ্চয়তা নিরঙ্কুশভাবে দেওয়া হয়েছে, এটা তার পরিপন্থী। কেননা, এর কারণে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে জনমনে ইতিমধ্যে ভীতির সঞ্চার ঘটেছে। সংবিধানের চেতনা পরিপন্থী এ ধরনের আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। ভারতে এ আইনের অনুরূপ ধারা, যা ৬৬ ধারা বলে পরিচিত, দেশটির সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক বলে বাতিল করেছেন।
আইসিটি আইনের ৫৭ ধারা এমনভাবে সংশোধন করা হোক, যাতে তা নাগরিক ও সংবাদমাধ্যমের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের সহায়ক হয়, উল্টোটা নয়।