প্রয়োজন বলে কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম উইলিয়াম, নাড়ুগোপাল টাইপের চেহারা। গাড়িতে যখন উঠল, মনে হয়েছিল হাবাগোবা ছেলে। কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙল। খুবই স্মার্ট ছেলে। বয়স ২৫ কি ২৬, গড়গড় করে ইংরেজি বলতে লাগল: ‘আই অ্যাম উইলিয়াম, ইয়োর গাইড অ্যাট ডালি সিটি। ওয়েলকাম টু আওয়ার রিজিওন।’আমরা যাচ্ছিলাম চীনের কুনমিং থেকে ডালি শহরে। কুনমিংয়ের নাম শুনেছিলাম, কিন্তু ডালি একেবারেই অপরিচিত। পাঁচ দিন বেইজিংয়ে কাটিয়ে কুনমিং, সেখান থেকে দুজনে প্যাকেজ ট্যুরে গাড়িতে করে ডালি দামি মোটর কারে।কুনমিং থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে এই ডালি শহরের একদিকে পর্বতমালা, অন্যদিকে বিশাল হ্রদ। আদিবাসীরা সদা উৎসবে মেতে থাকে। অনেকে একে বলে চীনের সুইজারল্যান্ড। বছরের প্রায় সব সময়ই তাপমাত্রা থাকে ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর আরও নাম আছে, একে বলে বাতাসের শহর। যত্রতত্র উইন্ডমিল। সব সময় বাতাসের খেলা চলছেই। পর্বতের চূড়ায় বরফে চমক দিচ্ছে সূর্যের কিরণ, যেন একখণ্ড হীরা আকাশপানে চেয়ে আছে। ঐতিহাসিক সিল্করুটেরও একটি অংশ এই ডালি শহর। চীনে বৌদ্ধধর্ম প্রসারে এর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ভূমিকা আছে ইসলাম প্রচারেও। কুবলাই খান ত্রয়োদশ শতকে তাঁর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ইউনান প্রদেশে। তখন রাজধানী ছিল ডালি। প্রথম মুসলিম গভর্নর সৈয়দ আলী ওমর শামস আল দীনের সময় প্রচুর মসজিদ তৈরি হয়েছিল ইউনানে। সেসব নিদর্শন এখনো আছে। আছে শাক্যমুনির ধর্মপ্রচারের নিদর্শনও।এ সবই জানা গেল আমাদের চোস্ত গাইড উইলিয়ামের কাছ থেকে। তারপর সে হঠাৎ পিঠের ব্যাগটা খুলে একগাদা মিনি কমলালেবু বের করে আমার স্ত্রী শিরীনের হাতে দিয়ে বলল, ‘প্রেজেন্ট ফ্রম মাই ওয়াইফ, ফ্রম হার গার্ডেন।’ কমলাগুলো একেবারে তরতাজা। সবুজ ঝকঝকে পাতাগুলোই তার প্রমাণ দিচ্ছে। খেতেও খুবই মিষ্টি।কুনমিং থেকে ডালির প্রায় ৫০০ কিলোমিটার পথের মাঝখানে উঠেছিল উইলিয়াম, অর্থাৎ বাকি প্রায় আড়াই শ কিলোমিটার পথে সে অনবরত কথা বলেছে—চীন সম্পর্কে, ইউনান প্রদেশ সম্পর্কে, কুনমিং ও ডালির বিষয়ে তো বটেই, তার স্ত্রীর সম্পর্কেও। বোঝা গেল তার স্ত্রী-প্রীতি দারুণ। বছর দুই হলো বিয়ে হয়েছে। কিন্তু দুজনকে দুই শহরে থাকতে হয় চাকরির কারণে। পরিচয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডালি শহরে। দুজনই ইংরেজিতে মাস্টার্স করেছে। স্ত্রী চাকরি নিয়েছে তার নিজ শহরে, যেখান থেকে গাড়িতে উঠল উইলিয়াম। সে এক স্কুলের ইংরেজির শিক্ষক। আর উইলিয়াম ডালিতে পর্যটকদের গাইড। দুটোই ভালো চাকরি, বেতন ভালো, কিন্তু কষ্ট একটাই—দুজন দুই শহরে। সদা বিরহ।‘স্ত্রীর চাকরি ছাড়িয়ে ডালিতে নিয়ে এলেই পারো।’ শিরীন বলল একসময়।‘সম্ভব নয়। এখানে চাকরি পাওয়া সমস্যা।’‘কেন?’‘নিজের এলাকার বাইরে গেলে সহজে কেউ চাকরি দেবে না। দিলেও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। আমাদের পরিচয়পত্র বলে দেয়, আমরা কোন অঞ্চলের মানুষ। এলাকার বাইরে গেলেই অনেক সুযোগ-সুবিধা হারাতে হবে। তা ছাড়া, পরিচয়পত্রের মধ্যে দুটো ক্যাটাগরি আছে। একটা হলো ‘সরকারি আইডি’, দ্বিতীয়টা হলো ‘কৃষক আইডি। আমি কৃষক আইডির লোক।’‘তুমি তো চাকরি করো, কৃষক হলে কী করে?’ বলে উঠি আমি।‘আমার বাবা কৃষক। সেই হিসেবে আমিও কৃষক।’‘তাতে লাভ?’‘অনেক সুযোগ আছে কৃষক হিসেবে। যেমন, জমি পাই সরকারের কাছ থেকে চাষ করার জন্য। ট্যাক্সের ব্যাপারেও সুযোগ-সুবিধা আছে কিছু।’এভাবেই আলাপ চলতে থাকে উইলিয়ামের সঙ্গে। এক সময় সে বলে, ‘আমার ফ্যামিলি কসমোপলিটান। আমার বাবা প্রটেস্ট্যান্ট খ্রিষ্টান। আমি নাস্তিক। মা একজন চীনা ধর্মাবলম্বী, নট বুড্ডিস্ট। আর আমার বউ তো চেঙ্গিশ খানের বংশধর।’‘মুসলমান?’‘আমি জানি না। তাকে তো কিছু করতে দেখি না কখনো মুসলমানদের মতো।’এবার আমিই মজা করে জিজ্ঞেস করি, ‘তোমাদের বাচ্চা তাহলে কোন ধর্ম মানবে?’‘জানি না। তারা নিজেরটাই বেছে নেবে।’ বাচ্চা হয়েছে কি না জানতে চাইলে সে বলে, ‘না। আগে একটু দাঁড়িয়ে নিই। আমি বাচ্চা পছন্দ করি। নেব কয়েকটা।’‘এখানে নাকি একটার বেশি বাচ্চা নিলে চাকরি চলে যায়?’‘হ্যাঁ, সরকারি পরিচয়পত্রধারীদের। কৃষক পরিচয়ধারীরা বেশি সন্তান নিতে পারে।’‘এ রকম বৈষম্য কেন?’‘চাষবাসের জন্য মানুষ প্রয়োজন। আমাকে জমি দিল সরকার। সেটা চাষ করার জন্য মানুষ প্রয়োজন না? সুতরাং, বেশি বাচ্চা নেওয়ার অনুমতি সরকার দিচ্ছে প্রয়োজনে।’হ্যাঁ, প্রয়োজন বলে কথা। আমার বাড়িতে মানুষ আমরা তিনজন। আমি, শিরীন আর গৃহকর্মী রোকসানা। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী বলে দিয়েছেন, কমপক্ষে চারজন না হলে প্রাইভেট কার রাস্তায় নামানো যাবে না।তাহলে করবটা কী? এই বয়সে বাসে বা রিকশায় চড়ার অবস্থা আর নেই। তাহলে কি নেব একটা সন্তান? চারজন হবে। প্রাইভেট কারে চড়তে পারব। প্রয়োজন বলে কথা!আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।