ফটিকছড়ি: মানবতা যেখানে লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি তিনটি ভিডিও ক্লিপিং হাতে এসেছে। প্রথমটি লন্ডনের একটি বেসরকারি বাংলা টিভি চ্যানেলের এবং পরের দুটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে সাম্প্রতিক কালের জামায়াত-শিবির-হেফাজত কর্তৃক সংঘটিত ভয়াবহ, নির্মম ও নৃশংস সন্ত্রাস ও হত্যাযজ্ঞের। পরের দুটি ধারণ করা হয়েছে মোবাইল ফোনে। প্রথম ভিডিওটি লন্ডনে অনুষ্ঠিত একটি টক শোর। বিষয় নাস্তিক-আস্তিক বিতর্ক। সঞ্চালক ছাড়া অংশগ্রহণকারী চারজন। তবে যাঁর বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে, তিনি অনুষ্ঠানে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সুতরাং তাঁর অন্য একটি সভার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সঞ্চালক বক্তা সদরুদ্দিনকে এই বলে পরিচয় করিয়ে দেন যে তিনি ইসলামবিষয়ক বিভিন্ন সময়ে বক্তব্য রাখেন। সদরুদ্দিন সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি, তিনি লন্ডনে অবস্থানরত জামায়াতের একজন নেতা এবং সুযোগ পেলেই লন্ডনের যেখানে-সেখানে ধর্মের নামে উগ্র জঙ্গিবাদ প্রচার করেন। ওই ক্লিপিংয়ে দেখা গেল, সদরুদ্দিন লর্ড ক্লাইভের মতো দেখতে বিচিত্র পোশাকে এক ইসলামি জলসায় বক্তব্য দিচ্ছেন। তাঁর বক্তব্যে তিনি বলছেন, ‘বাংলাদেশ একটি নাস্তিকদের দেশ। শেখ মুজিব হাজার বছরের নিকৃষ্টতম নাস্তিক। বাংলাদেশের সংবিধান একটি নাস্তিক সংবিধান।’ সদরুদ্দিন এত ভয়ংকরভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করছিলেন যে মনে হচ্ছিল, তিনি পরের ফ্লাইটে উঠে নাঙ্গা তলোয়ার নিয়ে বাংলাদেশের দিকে রওনা হবেন।তবে নাঙ্গা তলোয়ার হাতে দিনের বেলায় মানুষ খুন করতে দেখা গেল এই বাংলাদেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার পরের দুটি ক্লিপিংয়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪২ বছর পরও এই দেশের ভেতর কয়েকটি জেলায় ‘পাকিস্তানি ছিটমহল’ রয়ে গেছে, যার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বগুড়া, রাজশাহী প্রভৃতি জেলা অন্যতম। এটির দায় সম্মিলিতভাবে আমাদের সবার। ভুজপুর ফটিকছড়ির এমনই একটি ইউনিয়ন। এই ফটিকছড়ি থেকেই সালাউদ্দিন কাদের চৌধুরী গত সংসদ নির্বাচনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী পেয়ারুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যদিও, সাকার আদি নির্বাচনী এলাকা রাউজান। ফটিকছড়িতে তাঁর বিজয়ী হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের অন্তর্দলীয় কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা। সাধারণ সময়ে আওয়ামী লীগ কমপক্ষে ১০০টি সংসদীয় আসনে পরাজিত হয় এই একটি কারণে। এখন থেকে সতর্ক না হলে সামনের নির্বাচনেও তেমনটি হওয়ার আশঙ্কা প্রবল। ১১ এপ্রিল ইসলামী ছাত্রশিবির সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল আর বিএনপি-জামায়াত ১৮-দলীয় জোট ডেকেছিল চট্টগ্রাম বিভাগে। আগে ছাত্রসংগঠনগুলো সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডাকত। বর্তমানে হরতালের মহামারির সময় এখন ছাত্রসংগঠনগুলোও হরতাল ডাকে। এ ক্ষেত্রে ছাত্রশিবির অন্য ছাত্রসংগঠনগুলোর তুলনায় কয়েক ধাপ এগিয়ে আছে। তবে এটাও ঠিক, শিবির এখন আর কোনো ছাত্রসংগঠন নয়। এটি সাম্প্রতিক কালে একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এখন আর কোনো রাখঢাক নেই। তারা দিনের বেলায় পুলিশকেও পিটিয়ে গুরুতর জখম করে আবার কখনো কখনো তাদের হত্যা করতেও দ্বিধা করে না। এ কাজটি তারা বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বগুড়া-রাজশাহী অঞ্চলে করেছে। ফটিকছড়িতে ১১ এপ্রিল যে নৃশংস ও লোমহর্ষক ঘটনা ঘটে গেল, তা ইতিমধ্যে দেশের মানুষ পত্রপত্রিকায় পড়েছে এবং ভিডিও ক্লিপিংগুলোও টিভিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে। দেশের সব মহল এ ব্যাপারে নিন্দা জানালেও এখনো বিএনপি বা ১৮-দলীয় জোটের কাছ থেকে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। দু-একজন এ ব্যাপারে মুখ খুলতে পারতেন, তাঁরাও খুলবেন না। কারণ, তাঁরাও এখন জোটের অংশ। যেমন এলডিপির প্রধান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। তিনি চট্টগ্রামে তাঁর নিজ নির্বাচনী এলাকা চন্দনাইশ থেকে নির্বাচন করা ছাড়াও পাশের সাতকানিয়া এলাকা থেকেও নির্বাচন করেছেন। কখনো কখনো তাঁর স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রায়শ সেখানে তিনি জামায়াতের হাতে মার খেয়ে নির্বাচনের আগে পাততাড়ি গুটিয়ে চলে এসেছেন এবং জামায়াতের বিরুদ্ধে তোপ দেগেছেন। এখন তিনি তা আর দাগতে পারবেন না। কারণ, তাঁর কাছে দাগার মতো না আছে তোপ, না আছে বারুদ। পেয়ারুল ইসলাম গত সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা নির্বাচন করেও জিততে পারেননি। এখানে আওয়ামী প্রার্থীর সাংগঠনিক দুর্বলতা ছাড়াও আছে ভুজপুরের মতো বেশ কিছু প্রতিক্রিয়াশীল পকেটের অস্তিত্ব, যা জামায়াত সব সময় নিয়ন্ত্রণ করেছে। এই এলাকায় আছে বহু রোহিঙ্গা ও বহিরাগত বসবাসকারী। আছে বেশ কয়েকটি বড় কওমি মাদ্রাসা, যেগুলো আবার জামায়াত আর হেফাজতের নিয়ন্ত্রণে। সর্বশেষ এই আসনে ২০০১ সালে রফিকুল আনোয়ার বিজয়ী হয়েছিলেন। ২০০৮ সালে তিনি এক-এগারো পরবর্তী মামলার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাঁর জায়গায় পেয়ারুল ইসলামই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১১ এপ্রিল পেয়ারুল ইসলামের হরতালবিরোধী কর্মী মিছিল ছিল পূর্বঘোষিত ও শান্তিপূর্ণ। এই মিছিলের ব্যাপারে তিনি আগেই স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানিয়েছিলেন। বাড়তি নিরাপত্তা হিসেবে তিনি আরও জানিয়েছিলেন স্থানীয় ভুজপুর আল-জামিয়াতুল ইসলামিয়ার মুহতামিম মাওলানা জুনাইদ বিন জালালকে। পেয়ারুল ধারণা করেছিলেন, কোনো সমস্যা হলে তা এই মাদ্রাসা থেকে সূত্রপাত হতে পারে। কিন্তু কোনো সতর্কতাই এই নারকীয় ঘটনাকে রোধ করতে পারেনি। এখন এটি নির্দ্বিধায় বলা যায়, পুরো তাণ্ডবই পূর্বপরিকল্পিত ছিল। আওয়ামী লীগ আর ছাত্রলীগের নেতা-কর্মীরা কেবল দুর্বৃত্তদের পাতা ফাঁদে পা দিয়েছে। দেড় শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেলা দুইটার দিকে ভুজপুর ইউপির কাজিরহাট বাজারে গেলে সেখানে কে বা কারা একযোগে প্রায় সব কটি ছোট-বড় মসজিদের মাইকে ঘোষণা করে যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন বড় মাদ্রাসায় হামলা করেছে এবং মুহতামিমকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কোনো কোনো মাইকে এও ঘোষণা করা হয়, তারা মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর করছে আর স্থানীয় নারীদেরও তুলে নিয়ে যাচ্ছে। এই গুজব ছড়ানোর সঙ্গে সঙ্গেই হাজার হাজার নারী-পুরুষ এমনকি অল্প বয়স্ক বালকরাও কিরিচ, লাঠি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। একদল সব গাড়িতে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দেয়। বাদ যায়নি ফায়ার ইঞ্জিন আর পুলিশ-বিজিবির গাড়িও। এরা সবাই ছিল জামায়াত-শিবির-হেফাজত আর সাকাচৌ অনুগত বিএনপির সমর্থক। এর আগে তারা ফেরার সব পথ গাছ ফেলে বন্ধ করে দেয়। মিছিলকারীরা ছিল সম্পূর্ণ নিরস্ত্র। তার পরের দৃশ্য অবিশ্বাস্য রকমের সেই ভয়াবহ নৃশংসতা, যা দেশের সব মানুষ বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। দুটি দৃশ্যের কথা এখানে উল্লেখযোগ্য। স্থানীয় ন্যাশনাল হাইস্কুলের পাঁচ নম্বর কক্ষে আওয়ামী লীগের তিনজন কর্মী আশ্রয় নিয়েছিল। সেখানে শিবিরের দুর্ধর্ষ ক্যাডার তৌফিকের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ঢুকে যে উন্মত্ততার সঙ্গে তাদের লাঠি দিয়ে পেটাচ্ছিল ও কিরিচ দিয়ে কোপাচ্ছিল, তা ছিল এক ভয়াবহ দৃশ্য। তার সঙ্গে ছিল সেই তিনজনের গগনবিদারী চিৎকার। দ্বিতীয় ভয়াবহ দৃশ্যটি ছিল, আওয়ামী লীগের এক সমর্থককে মানুষ যেভাবে পিটিয়ে বন্য প্রাণী মারে, সে রকমভাবে তাকে উন্মুক্ত একটি স্থানে পিটিয়ে মারার দৃশ্য এবং মারার সময় তারা বলছিল, ‘বেটা এখনো মরছে না’। এ সবই করা হচ্ছিল ধর্মের নামে। কারও ভেতরে যদি সামান্যতম মানবিক মূল্যবোধ থাকে এবং এই দুটি দৃশ্য দেখে, তাঁর বিবেক যদি নাড়া না খায়, তাহলে বুঝতে হবে, সেই ব্যক্তি মানুষ নয়। কিছুদিন আগে এক হরতালের দিন পুরান ঢাকায় ছাত্রলীগ নামধারীদের হাতে নৃশংসভাবে বিশ্বজিৎ নিহত হলে বাংলাদেশের সব মিডিয়া সেই ঘটনা নিয়ে তোলপাড় করেছিল। আমরাও অনেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তুমুল সমালোচনা করে তাকে কিছুদিনের জন্য নিষিদ্ধ করারও দাবি তুলেছিলাম। কিন্তু ফটিকছড়ির ঘটনা নিয়ে দুর্ভাগ্যবশত দু-একটি মিডিয়া ছাড়া অন্যরা তেমন একটা গুরুত্ব দিয়ে এই ভয়াবহ ঘটনার কোনো ফলোআপ করেনি। কেউ বলে না আর কত সন্ত্রাসী আর নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে? উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হলে তারা শুধু নির্বাচন করতে পারবে না। দল হিসেবে ঠিকই তাদের অস্তিত্ব থাকবে। নির্বাচন করার ব্যানারে তাদের কোনো ঘাটতি নেই। ফটিকছড়ির ঘটনা এড়ানো যেত, যদি স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সতর্ক হতো। ঠিক একই অসতর্ক অবস্থায় তাদের পাওয়া গিয়েছিল কিছুদিন আগে বাঁশখালীতে। দেশের বিভিন্ন অঞ্চলে একদল পুলিশ জামায়াত-শিবিরের হাতে মার খায়, প্রাণ দেয়; আর কোনো এলাকায় আরেক দল নিষ্ক্রিয় থাকে। সাধারণ মানুষ ঠিক বুঝতে পারে না মূল সমস্যাটা কোথায়। আর চারদিকে যখন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবির আর হেফাজতিদের হাতে মার খাচ্ছে, তখনো কোনো কোনো এলাকায় কিছু আওয়ামী লীগ-ছাত্রলীগ নামধারী নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত। এখনো যদি তারা ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে আর কখন হবে? তাদের এই অন্তর্দলীয় কোন্দলের সুযোগ নিয়ে সদরুদ্দিনরা আর ফটিকছড়ির ঘাতকেরা ধেয়ে আসছে। ফটিকছড়ির ঘটনায় জড়িত মূল দুর্বৃত্তদের অচিরেই গ্রেপ্তার করা হবে, তা দেশের মানুষ আশা করে। তবে অতীত অভিজ্ঞতার আলোকে আবার মানুষ তেমন ভরসাও পায় না। হয়তো কয়েক দিন পর আরও দু-একজন জামায়াত নেতার মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় হবে। এ ব্যাপারেও সরকারকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।