ফটিকছড়ির নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নির্বিরোধী রাজনৈতিক কর্মসূচি যে কী ভয়ংকর নৃশংস রূপ নিতে পারে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির ঘটনাই তার প্রমাণ। ইসলামী ছাত্রশিবির আহূত হরতালের দিন স্থানীয় আওয়ামী লীগের নেতা দলীয় কর্মীদের নিয়ে মোটরসাইকেল সহযোগে বিরাট শোভাযাত্রা বের করেছিলেন নিজের সাংগঠনিক সামর্থ্য প্রদর্শন করতে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের শোভাযাত্রা বিরল বা ব্যতিক্রম নয়। কিন্তু দুর্ভাগ্যজনক যে, সেই শান্তিপূর্ণ শোভাযাত্রা শেষ হলো রক্তপাত ও বিপুল সম্পদহানির মধ্য দিয়ে। কেন ঘটল এ নৃশংসতা? পত্রিকার খবর অনুযায়ী একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় একটি মসজিদের মাইক থেকে মাদ্রাসা আক্রান্ত এবং মাদ্রাসার শিক্ষককে গুম করে নিয়ে যাওয়ার উসকানিমূলক প্রচারণা চালিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়। এরপর বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিবিরের কর্মী ও এলাকাবাসী মিছিলকারীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন।রাজনীতিতে পক্ষ-বিপক্ষ থাকবে। এক পক্ষের কর্মসূচি পালনে অন্য পক্ষের বাধা দেওয়ার ঘটনাও অসম্ভব নয়। কিন্তু মাইকে অসত্য খবর প্রচার করে দিয়ে নিরীহ গ্রামবাসীকে রক্তক্ষয়ী সংঘাতে নামানো ঘৃণ্য অপরাধ। এ ধরনের ঘটনায় কোন পক্ষের কতজন মারা গেলেন, তার চেয়েও বড় কথা মানবতার লাঞ্ছনা। রাজনীতির যূপকাষ্ঠে আমাদের আর কত বলিদান দেখতে হবে? আর কত সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটবে? এসব ঘটনায় সাধারণ শ্রমজীবী ও প্রান্তিক মানুষগুলোই বেশি মারা যান, রাজনৈতিক দলগুলো যাদের ঢাল হিসেবে ব্যবহার করে। রাজনীতির নামে এই হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ হোক। একটি অঘটন কত মায়ের কোল খালি করে। একটি হামলা সমাজে কত অপূরণীয় ক্ষতি রেখে যায়। দেশ ও মানুষের কল্যাণে যেই রাজনীতি, সেই রাজনীতি কেন এই ধ্বংস ও মৃত্যুর অনাকাঙ্ক্ষিত উদাহরণ হয়ে থাকবে? ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, ‘তুমি যা বলছ তার সঙ্গে আমি একমত নই, কিন্তু তোমার এ কথা বলার অধিকারের জন্য প্রয়োজনে আমি জীবন দেব।’ কিন্তু এখন রাজনীতি চলছে উল্টো স্রোতে। নিজের মত প্রকাশের জন্য রাজনৈতিক দলগুলো যতটা সোচ্চার, তার চেয়ে বেশি সক্রিয় অন্যের কণ্ঠ স্তব্ধ করার জন্য। শান্তি ও সম্প্রীতি পেছনে ফেলে হিংসা ও বিদ্বেষই হয়ে উঠেছে রাজনীতির মূল উপাদান। ফটিকছড়ির ঘটনাটি আরও উদ্বেগজনক এ কারণে যে এটি ঘটেছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং আটক এক রাজনৈতিক নেতার নির্বাচনী এলাকায়। এর সঙ্গে শিবিরের হরতাল কিংবা যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতার সম্পর্ক ছিল কি না, তা সরকারকেই খুঁজে বের করতে হবে। আমরা তীব্র ভাষায় এই সহিংসতার নিন্দা করি এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খেয়াল রাখতে হবে, অপরাধীদের ধরার নামে যেন নিরীহ কেউ হয়রানির শিকার না হয়।